একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করতে অপচেষ্টায় লিপ্ত: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানছবি: বিটিভির সৌজন্যে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে।

জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত বলে জামায়াতের আমির অভিযোগ করেন।

জামায়াতের আমিরের ফেসবুক পেজ থেকে নেওয়া স্ক্রিনশট

আজ বুধবার বেলা দুইটার কিছু পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান এ কথা জানান।

ওই পোস্টে জামায়াতের আমির অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দিতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

আজ নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করেছে পুলিশ। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এ কথা জানান।

এ ঘটনার পরে জামায়াতের আমির শফিকুর রহমান এই পোস্ট দিয়েছেন। তবে পোস্টে তিনি আটকের কোনো ঘটনার সরাসরি উল্লেখ করেননি। এ নিয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে জামায়াতের।