ঢাকা জেলার ৫ আসনে ৩৪ প্রার্থীকে প্রতীক বরাদ্দ

ঢাকা জেলার পাঁচ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। আজ সোমবার দুপুরে ঢাকা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার পাঁচ উপজেলাভিত্তিক আসনে মোট ৩৪ চূড়ান্ত বৈধ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে ঢাকা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রার্থী ও তাঁদের প্রতিনিধিদের উপস্থিতিতে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ঢাকা জেলা সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রার্থীরা তাঁদের ভোটের প্রচারণা শুরু করতে পারবেন। মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের আচরণবিধি প্রতিপালনের জন্য নির্দেশনাপত্র সরবরাহ করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রার্থীদের আচরণবিধি পালন ও মতবিনিময় সভার আয়োজন থাকবে। সেখানে প্রার্থীরা তাঁদের মতামত তুলে ধরতে পারবেন।

মহানগরের বাইরে ঢাকা জেলার উপজেলাগুলো নিয়ে পাঁচটি আসন গঠিত। সেগুলো হলো ঢাকা-১ (দোহার এবং নবাবগঞ্জ উপজেলা), ঢাকা-২ (কেরানীগঞ্জ মডেল থানা, সাভারের একাংশ ও কামরাঙ্গীরচর থানা), ঢাকা-৩ (কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা, আগানগর, তেঘরিয়া কোন্ডা ও শুভাঢ্যা ইউনিয়ন), ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) ও ঢাকা-২০ (ধামরাই উপজেলা)।

এর মধ্যে ঢাকা-১ আসনে মোট সাত প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন, ঢাকা-২ আসনে পেয়েছেন চারজন, ঢাকা-৩ আসনে ছয় প্রার্থী, ঢাকা-১৯ আসনে ১০ প্রার্থী এবং ঢাকা ২০ আসনে সাত প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন।

ঢাকা মহানগরে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় যেসব নির্বাচনী আসন রয়েছে, সেগুলোর রিটার্নিং কর্মকর্তা ঢাকা বিভাগীয় কমিশনার। মহানগরের বাইরের আসনগুলোর রিটার্নিং কর্মকর্তা ঢাকার জেলা প্রশাসক (ডিসি)।

কে কোন প্রতীক পেলেন

ঢাকা–১ আসনে জাতীয় পার্টির প্রার্থী সালমা ইসলাম দলীয় প্রতীক ‘লাঙ্গল’, আওয়ামী লীগের সালমান ফজলুর রহমান দলীয় প্রতীক ‘নৌকা’, ন্যাশনাল পিপলস পার্টির আ. হাকিম দলীয় প্রতীক ‘আম’, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) সামসুজ্জামান চৌধুরী দলীয় প্রতীক ‘একতারা’, গণফ্রন্টের শেখ মো. আলী দলীয় প্রতীক ‘মাছ’, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মো. করম আলী দলীয় প্রতীক ‘কাস্তে’ এবং তৃণমূল বিএনপির মুফিদ খান দলীয় প্রতীক ‘সোনালী আঁশ’ বরাদ্দ পেয়েছেন।

ঢাকা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান ‘ট্রাক’, ইসলামী ঐক্যজোটের আশরাফ আলী জিহাদী ‘মিনার’, আওয়ামী লীগের কামরুল ইসলাম ‘নৌকা’, জাতীয় পার্টির শাকিল আহমেদ ‘লাঙ্গল’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।

ঢাকা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আলী রেজা ‘ট্রাক’, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) মো. রমজান ‘ছড়ি’, ন্যাশনাল পিপলস পার্টির আবদুস সালাম ‘আম’, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ জাফর ‘ডাব’, জাতীয় পার্টির মনির সরকার ‘লাঙ্গল’, আওয়ামী লীগের নসরুল হামিদ ‘নৌকা’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।

ঢাকা-১৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং মুরাদ ‘ঈগল’ ও সাইফুল ইসলাম ‘ট্রাক’, গণফ্রন্টের নূরুল আমীন ‘মাছ’, তৃণমূল বিএনপির মাহবুবুল হাসান ‘সোনালী আঁশ’, বাংলাদেশ কংগ্রেসের মিলন কুমার ভঞ্জ ‘ডাব’, ন্যাশনাল পিপলস পার্টির ইসরাফিল হোসেন সাভারী ‘আম’, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. জুলহাস ‘একতারা’, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের মো. সাইফুল ইসলাম ‘নোঙর’, বাংলাদেশ জাতীয় পার্টির আইরিন পারভিন ‘কাঁঠাল’ ও আওয়ামী লীগের প্রার্থী এনামুর রহমান ‘নৌকা’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।

ঢাকা-২০ আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ মালেক ‘ট্রাক’, মোহাদ্দেছ হোসেন ‘কাঁচি’, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) আমিনুর রহমান ‘ছড়ি’, বাংলাদেশ সুপ্রিম পার্টির মিনহাজ উদ্দিন ‘একতারা’, ন্যাশনাল পিপলস পার্টির রেবেকা সুলতানা ‘আম’, জাতীয় পার্টি খান মোহাম্মদ ইসরাফিল ‘লাঙ্গল’ ও আওয়ামী লীগের বেনজীর আহমদ দলীয় প্রতীক ‘নৌকা’ বরাদ্দ পেয়েছেন।