দুর্নীতিমুক্ত দেশ গঠনে সরকারকে সহযোগিতা করতে চায় জামায়াত: শফিকুর

এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মিরপুর-১৩, ঢাকা; ১৯ ফেব্রুয়ারি ২০২৬ছবি: জামায়াতের সৌজন্যে

দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুর্নীতিমুক্ত, মানবিক দেশ গঠনের পথে জামায়াতে ইসলামী বিএনপি সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে চায়। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান।

প্রথম রোজায় এতিমদের সম্মানে জামায়াত আয়োজিত এক ইফতার মাহফিলে শফিকুর রহমান এ কথা বলেন। রাজধানীর মিরপুর-১৩–তে এক হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামায়াতের আমির বলেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুর্নীতিমুক্ত, মানবিক দেশ গঠনের পথে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে চায় জামায়াত। এ সহযোগিতা নেওয়ার দায়িত্ব সরকারের। এর বিপরীত কিছু হলে জামায়াত যেন ১৮ কোটি মানুষের পক্ষে থাকতে পারে, আল্লাহর কাছে সেই দোয়া করেন তিনি।

শফিকুর রহমান বলেন, ‘এখানে আমরা কোনো আপস করব না, করতে পারব না। আমাদের রাজনীতি আমাদের জন্য নয়। আমাদের এই রাজনীতি মানবতার জন্য। মানুষের ক্ষতি হবে আর চুপ করে আমরা বসে থাকব, এটা আমাদের জন্য অসম্ভব।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা চেষ্টা করব এ রকম কিছু দেখলে সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে। তারা যদি শুধরে নেয়, আমরা অন্তর থেকে তাদের জন্য দোয়া করব। আমাদের পরামর্শ গ্রহণ করা জন্য আমরা তাদের ধন্যবাদ জানাব এবং সেই ভালো কাজে আবার বলছি, আমরা তাদের সঙ্গী হব। কিন্তু যদি না করে, আমরা সংসদে এবং জনগণের কাতারে দাঁড়িয়ে কিন্তু প্রতিবাদ করব। যেখানে সম্ভব, যেখানে প্রয়োজন, জাতির স্বার্থে সেখানে প্রতিরোধ গড়ে তুলব, ইনশা আল্লাহ।’

এ সময় জামায়াতের আমির বলেন, হিংসা-হানাহানির দলীয় সংকীর্ণতার রাজনীতির গণ্ডি থেকে বের হয়ে আসতে হবে। শুধু দলীয় পরিচিতির কারণে আর কেউ যাতে জুলুমের শিকার না হয়। এমনটি করা হলে ইতিহাসকে অমান্য, অগ্রাহ্য, অশ্রদ্ধা করার শামিল হবে। অতীতে যাঁরা এমনটি করেছেন, তাঁরা আল্লাহর কাছ থেকে পাওনা বুঝে পেয়েছেন। জামায়াত আশা করে, বিএনপি সরকার এমন কাজ করবে না।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন। সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ফখরুদ্দীন মানিক।