জুলাইয়ের মাঝামাঝি এক দফা ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুলাইয়ের মাঝামাঝি এক দফা ঘোষণার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ। বর্তমান সরকারের পদত্যাগের দাবিই এক দফার মূল বিষয়। তবে সংসদ বাতিল এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনসহ অন্যান্য দাবিও এই এক দফা ঘোষণায় অন্তর্ভুক্ত থাকবে। বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতারা জানিয়েছেন, এক দফার ভিত্তিতে জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে তাঁরা যুগপৎ কর্মসূচি পালন করবেন।

যুগপৎ আন্দোলনের ভিত্তি হিসেবে একটি ‘যৌথ ঘোষণাপত্র’ চূড়ান্ত করতে কয়েক মাস ধরে চেষ্টা করেছে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ। কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিরোধ থাকায় ঘোষণাপত্র প্রকাশ্যে আনা যায়নি। বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আন্দোলনের স্বার্থে যৌথ ঘোষণাপত্র নিয়ে অনড় না থেকে এখন এক দফা ঘোষণার ভিত্তিতে যুগপৎ আন্দোলন এগিয়ে নেওয়ার ব্যাপারে তাঁরা ঐকমত্যে পৌঁছেছেন।

২৬ জুন বিএনপি ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক হয়। সেখানে এক দফা ঘোষণা ও আন্দোলনের কর্মসূচির ধরন ও সময় নিয়ে আলোচনা হয়। বৈঠকে অংশ নেওয়া গণতন্ত্র মঞ্চের একাধিক নেতা বলেন, অনেক দিন পর উভয় পক্ষের নেতারা খোলামেলা আলোচনা করেছেন। কোন কোন ক্ষেত্রে উভয় পক্ষকে ছাড় দেওয়া উচিত, সেসব বিষয়ও উঠে আসে তাঁদের আলোচনায়।

গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের পর জুলাইয়ের প্রথম সপ্তাহে আন্দোলনকারী দল ও জোটগুলোর মধ্যে সমন্বয়ের জন্য গঠিত লিয়াজোঁ কমিটির বৈঠক রয়েছে। সেখানে আলোচনা করে যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আর জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে আন্দোলনের এক দফা ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ। একই সঙ্গে নিজ নিজ প্রস্তাবনা অনুযায়ী ‘যৌথ রূপরেখা’ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রথম আলোকে বলেন, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের দিকে এক দফা আন্দোলনের ঘোষণা আসতে পারে। উভয়ের মধ্যে যেসব বিষয়ে মিল আছে, সেগুলো এক দফার মধ্যে আনা হয়েছে। যেসব বিষয়ে মতপার্থক্য আছে, সেগুলো নিয়েও আলোচনা হবে। এই এক দফার ভিত্তিতে যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

বিএনপি ও গণতন্ত্র মঞ্চ সূত্রে জানা যায়, এত দিন বিএনপি তাদের ১০ দফা ও গণতন্ত্র মঞ্চ ১৪ দফা দাবি নিয়ে যুগপৎ আন্দোলনের মাঠে ছিল। এখন সরকারের পদত্যাগের দাবিকে মূল ভিত্তি করে অন্যান্য দাবি যুক্ত করে এক দফা ঘোষণাপত্র খসড়া চূড়ান্ত করা হয়েছে।

এক দফা ঘোষণায় থাকছে, বর্তমান সরকারের পদত্যাগ ও বর্তমান সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যবস্থা; বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি, মিথ্যা-গায়েবি মামলা প্রত্যাহার, ফরমায়েশি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা।

এই এক দফার ভিত্তিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক দল ও জোটগুলো যুগপৎ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণ-আন্দোলন গড়ে তোলা ও সফল করার ঘোষণা দেবে।

২৬ জুন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘ঈদের পর আন্দোলন আরও জোরদার হবে, আরও বেগবান হবে। যাঁরা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করছেন, তাঁদের সঙ্গে কথা বলছি। তাঁদের সঙ্গে আলোচনা করে আন্দোলন আরও বেগবান করব।’

রাষ্ট্র রূপান্তরে দুই পক্ষের ৩১ দফা

গত ৩০ ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি দিয়ে বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোট যুগপৎ কর্মসূচি পালন শুরু করে। প্রথম কর্মসূচির আগেই বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের ঘোষণাপত্র চূড়ান্ত করতে চেয়েছিল গণতন্ত্র মঞ্চ। সেটি না হওয়ায় দ্রুততম সময়ের মধ্যে তা করতে চেয়েও পারা যায়নি। মূলত বিএনপির পক্ষ থেকে দলটির নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত না জানানোয় দীর্ঘ সময় চলে গেছে।
যুগপৎ আন্দোলনে বিএনপি ১০ দফা এবং রাষ্ট্র মেরামত বা সংস্কারের ব্যাপারে ২৭ দফা প্রস্তাব করে। পরে ২৭ দফার সঙ্গে আরও ৪টি নতুন দফা যুক্ত করে ৩১ দফার খসড়া করে দলটি। আর গণতন্ত্র মঞ্চ দাবি এবং সংস্কারের রাজনৈতিক কর্মসূচি মিলিয়ে দিয়েছিল ১৪ দফা।

গণতন্ত্র মঞ্চের নেতারা বলছেন, বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার মতো গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকেও ‘সরকার ও শাসনব্যবস্থা বদলের’ ৩১ দফা দেওয়া হবে। বিএনপির ৩১ দফার সঙ্গে গণতন্ত্র মঞ্চের ৩১ দফায় শব্দগত কিছু পরিবর্তন থাকলেও অনেক দফায় মিল থাকবে। তবে উভয় পক্ষের ঘোষণাপত্রই হবে পৃথক। যেসব বিষয়ে দ্বিমত হওয়ার কারণে যৌথ ঘোষণাপত্র হয়নি, সেসব প্রসঙ্গ নিজ নিজ অংশে যোগ করা হবে; অর্থাৎ রাষ্ট্র সংস্কারের প্রস্তাব বা প্রতিশ্রুতি তারা যার যার অবস্থান থেকে তুলে ধরবে। তবে কর্মসূচি হবে সরকারের পদত্যাগের এক দফা দাবির ভিত্তিতে যুগপৎ ধারায়।

জুলাইয়ের শেষ সপ্তাহে কর্মসূচি

জুলাই মাসের প্রথম তিন সপ্তাহের জন্য বিএনপি ও গণতন্ত্র মঞ্চের আলাদা পূর্বঘোষিত কর্মসূচি রয়েছে। এর মধ্যে ৯ জুলাই সিলেটে, ১৭ জুলাই খুলনায় এবং ২২ জুলাই ঢাকায় ‘তারুণ্যের সমাবেশ’ করবে বিএনপির তিন সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। আর আগামী ১৯ থেকে ২১ জুলাই ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ কর্মসূচি রয়েছে গণতন্ত্র মঞ্চের। ফলে এই কর্মসূচিগুলো শেষ হওয়ার পরই নতুন পর্যায়ের যুগপৎ কর্মসূচির তারিখ দেওয়া হবে।

জনসম্পৃক্ত ও শান্তিপূর্ণ কর্মসূচির বিষয়ে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতারা একমত হয়েছেন। হরতাল বা অবরোধের মতো কর্মসূচি না দিয়ে সমাবেশ, অবস্থান, ঘেরাও কর্মসূচির পক্ষে মত দিয়েছেন নেতারা। গণতন্ত্র মঞ্চের শীর্ষ এক নেতা বলছেন, মঞ্চের পক্ষ থেকে কর্মসূচির বিষয়ে রোডমার্চ, ঘেরাও কর্মসূচি, অবস্থান কর্মসূচি ও বড় সমাবেশ করার প্রস্তাবনা দেওয়া হয়েছে বিএনপিকে।

গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রথম আলোকে বলেন, বিএনপি ও গণতন্ত্র মঞ্চের মধ্যে কর্মসূচি ঠিক করার ক্ষেত্রে কিছু বিষয়ে মতপার্থক্য আছে। এই বিষয়গুলো নিয়ে ঐকমত্যে আসার চেষ্টা করা হচ্ছে। জনসম্পৃক্ত কর্মসূচি দিয়ে নতুন পর্যায়ের যুগপৎ কর্মসূচি শুরু করা হবে।