প্রধানমন্ত্রীর কাছে আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ অভিযানের অনুরোধ এবি পার্টির

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সংসদ ভবন কার্যালয়ে, ১১ মার্চ ২০২৬ছবি: এবি পার্টির সৌজন্যে

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থাশীল পরিবেশ তৈরি করতে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও ‘সামাজিক অবক্ষয়’ রোধে সুবিধাজনক সময়ে দ্রুত একটি যৌথ অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে দলটির নেতারা এ প্রস্তাব তুলে ধরেন।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমানের (মঞ্জু) নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দীর্ঘদিনের রাজনৈতিক বঞ্চনা, স্বৈরশাসন ও গণ–অভ্যুত্থান–পরবর্তী অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের দায়িত্বপ্রাপ্ত হওয়ায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান মজিবুর রহমান।

সাক্ষাতে এবি পার্টির চেয়ারম্যান তাঁর দল ও ফেনীতে তাঁর নির্বাচনী এলাকার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দুটি পৃথক চিঠি হস্তান্তর করেন। বৈঠকে প্রধানমন্ত্রী ধৈর্যসহকারে নেতাদের বক্তব্য শোনেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী এবি পার্টিকে ধন্যবাদ জানিয়ে দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক রাজনীতির ওপর গুরুত্ব দেন। এ সময় নেতারা জুলাই–আগস্টের উত্তাল সময়ের স্মৃতিচারণা করেন।

এবি পার্টির পক্ষ থেকে জাতীয়ভাবে কয়েকটি সুপারিশও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে জুলাই সনদ বাস্তবায়ন ও সাংবিধানিক সংস্কার পরিষদ নিয়ে শুরুতেই যে বিতর্ক ও জটিলতা তৈরি হয়েছে, তা আইনি ও সাংবিধানিক বিতর্ক এড়িয়ে একটি সমঝোতামূলক গ্রহণযোগ্য পদক্ষেপ নেওয়া।

এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে দেশের সামনে সম্ভাব্য অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সব রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি সর্বজনীন পরামর্শ সভা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়।

এ ছাড়া মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকার—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে দেশ গড়ে তোলা, ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনামলের জুলুম-নির্যাতনসহ জুলাই গণ–অভ্যুত্থানকালীন গণহত্যার বিচার এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপির নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কথাও উল্লেখ করা হয়।

এবি পার্টির প্রতিনিধিদলে ছিলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা।