রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে: স্পিকার

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, রাজনীতি এখন সর্বগ্রাসী। শুধু প্রধানমন্ত্রী, মন্ত্রী বা রাষ্ট্রপতি নন, গ্রামপর্যায়ের একজন রাজনৈতিক কর্মীও চাইলে অনেক মানুষের উপকার করতে পারেন, আবার ক্ষতিও করতে পারেন। তাই রাজনীতি ঠিক হলে দেশও ঠিক হয়ে যাবে। সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিবিদদেরই সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে।

একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন না হলে দেশে আগুন জ্বলবে এবং অস্থিতিশীলতা তৈরি হবে বলেও সতর্ক করেছেন স্পিকার।

আজ বৃহস্পতিবার রাজধানীতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন স্পিকার। আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশের রাজনীতিবিদদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁরা চাইলে মানুষের পাশে দাঁড়াতে পারেন। আবার নিজেদের ক্ষমতার অপব্যবহার করে মানুষের ক্ষতিও করতে পারেন। তাই রাজনীতির ইতিবাচক পরিবর্তন জরুরি। বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিবিদদেরই সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে।

রাজনীতিবিদদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে স্পিকার বলেন, সুবিধাবঞ্চিত মানুষের প্রতি রাজনীতিবিদদের আগ্রহ ও দায়বদ্ধতা সব সময় দেখা যায় না। নির্বাচনের সময় এসব মানুষের গুরুত্ব বাড়লেও অন্য সময় সাধারণ মানুষের খোঁজ নেওয়ার প্রবণতা কম। নির্বাচিত হওয়ার পর অনেকেই নিজের সুযোগ-সুবিধা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। অথচ দেশের বিপুলসংখ্যক মানুষ এখনো নানা দিক থেকে বঞ্চিত। রাজনীতিবিদদের এই প্রবণতা থেকে বেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সুষ্ঠু নির্বাচন না হলে অস্থিতিশীলতা

রাজধানীতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা । আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ
ছবি: প্রথম আলো

দেশে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরে স্পিকার বলেন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই। নির্বাচন সুষ্ঠু না হলে দেশে আগুন জ্বলবে, অস্থিতিশীলতা তৈরি হবে। জনগণ এখন অনেক বেশি সচেতন। তাই নির্বাচনে কারচুপি করাও কঠিন হয়ে পড়েছে।

অতীতের নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, এর আগের একটি নির্বাচনে (২০১৪) ভোট গ্রহণের আগেই ১৫৩ জন নির্বাচিত হয়েছিলেন। এসব অভিজ্ঞতা গণতন্ত্রের জন্য ভয়াবহ ছিল। তবে বর্তমান সংসদ গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছে।

নির্বাচনে অর্থের প্রভাব কমানোর ওপর গুরুত্ব দিয়ে স্পিকার বলেন, এ জন্য নির্বাচন কমিশনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতপ্রকাশের ক্ষেত্রে বাধার কথাও তুলে ধরেন স্পিকার। তিনি বলেন, অনেক সংসদ সদস্য মনের কথা বলতে পারেন না। তাঁরা ভাবেন, কথা বললে দলের নেতা রাগ করবেন কি না, স্থানীয় প্রভাবশালীরা কী মনে করবেন কিংবা ভোটের ওপর কোনো প্রভাব পড়বে কি না। এসব চিন্তায় তাঁরা সংকুচিত থাকেন।

সংরক্ষিত আসন ধীরে ধীরে তুলে দেওয়া উচিত

নারীদের জন্য সংরক্ষিত আসনের পরিবর্তে সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ বাড়ানোর পক্ষে মত দেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, এখন অনেক যোগ্য নারী রাজনীতিবিদ রয়েছেন। তাঁরা সরাসরি নির্বাচনে অংশ নিয়ে পুরুষ প্রার্থীদেরও পরাজিত করতে সক্ষম। তাই সংরক্ষিত আসনের ব্যবস্থা ধীরে ধীরে তুলে দেওয়া উচিত।

রাজনৈতিক দলগুলোকে বাধ্যতামূলকভাবে এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী দেওয়ার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেন স্পিকার।

দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে গঠিত সংসদীয় ককাসের ভূমিকা নিয়ে স্পিকার বলেন, দেশের অন্যতম বড় সমস্যা দুর্নীতি। সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় এই ককাসকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দুর্নীতির অভিযোগ উঠলে দল বা পদ বিবেচনা না করে তা প্রকাশ করতে হবে।

তিনি বলেন, ককাসের সদস্যদের শুধু সুবিধাবঞ্চিত মানুষের সমস্যা চিহ্নিত করলেই হবে না, সুষ্ঠু নির্বাচন ও তাঁদের রাজনৈতিক অংশগ্রহণের পরিবেশ তৈরিতেও কাজ করতে হবে। অনুষ্ঠানে উল্লেখ করা হয়েছে, বর্তমানে সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছে। এই বিপুল জনগোষ্ঠীর উন্নয়নে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

স্পিকার বলেন, প্রথমবারের মতো বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যদের নিয়ে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার রক্ষায় একটি ককাস গঠন করা হয়েছে। এটি আশাব্যঞ্জক উদ্যোগ। ককাসের সদস্যরা আন্তরিকভাবে কাজ করলে সমাজে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব।

পিছিয়ে পড়া মানুষের পাশে থাকবে সরকার

অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, সুবিধাবঞ্চিত মানুষের সমস্যাগুলো তিনি আলাদাভাবে জানেন। কিন্তু একসঙ্গে এতগুলো সমস্যা তুলে ধরার সুযোগ আগে হয়নি। এ আয়োজনের মাধ্যমে সমস্যাগুলো নতুনভাবে বোঝার সুযোগ পেয়েছেন। এ জন্য তিনি দেবপ্রিয় ভট্টাচার্যকে ধন্যবাদ জানান।

চিফ হুইপ বলেন, দেশের পিছিয়ে পড়া মানুষকে সামনে এগিয়ে নিতে সরকার কাজ করতে চায়। কৃষক, শ্রমজীবী মানুষ ও নারীদের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষকদের সহায়তা, ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো কর্মসূচির মাধ্যমে তাঁদের সুযোগ-সুবিধা বাড়ানোর চেষ্টা চলছে।

দেশের সব মানুষকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসার ওপর গুরুত্ব দিয়ে নূরুল ইসলাম মনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সবাইকে এক কাতারে আনতে না পারলে সামগ্রিকভাবে ভালো থাকা সম্ভব নয়।

সমাজের চিন্তা ও আচরণেও পরিবর্তন আনার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, শুধু অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকাই সমস্যা নয়, চিন্তা-চেতনা ও মানসিকতার দিক থেকেও অনেক পিছিয়ে আছি। অন্যকে ঠকিয়ে নিজে জেতার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। পরিশ্রম ও দক্ষতার প্রতি সম্মান তৈরি করতে হবে। বিশেষ করে শিক্ষাব্যবস্থার মাধ্যমে দক্ষ মানুষ গড়ে তুলতে হবে।

ককাসের সদস্যদের উদ্দেশে চিফ হুইপ বলেন, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বাস্তবায়নযোগ্য প্রস্তাব নিয়ে এলে সরকার তা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবে।

সুবিধাবঞ্চিতদের জন্য আইন ও বাজেট দাবি

বক্তব্য দিচ্ছেন দেবপ্রিয় ভট্টাচার্য
ছবি: প্রথম আলো

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক ও সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সংসদ সদস্যদের কাছে তাঁদের প্রত্যাশা অনেক। তাঁরা পিছিয়ে পড়া মানুষের জন্য আইন প্রণয়ন করবেন। কোনো সমস্যা তৈরি হলে তা নিয়ে সংসদে আলোচনা করবেন। পাশাপাশি আগামী দিনের বাজেট প্রণয়নের সময়ও সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজনকে গুরুত্ব দেবেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম সংসদের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা একসঙ্গে একটি প্ল্যাটফর্মে এসে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছেন। এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

বড় সমস্যা দুর্নীতি

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ককাসের প্রধান ও বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। দুর্নীতি বন্ধ করা না গেলে সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে না।

মাহবুব উদ্দিন খোকন বলেন, সংসদ সদস্যরা যদি শপথ নেন যে নিজেরা দুর্নীতি করবেন না এবং অন্যকেও দুর্নীতি করতে দেবেন না, তাহলে দেশের উন্নয়ন অনেক সহজ হবে। শুধু রাজনীতিবিদ নন, নাগরিক সমাজসহ সবাই দুর্নীতি থেকে বেরিয়ে এলে দেশের অন্তত ৪০ শতাংশ অর্থের অপচয় রোধ করা সম্ভব বলে তিনি মনে করেন।

সম্মানিত অতিথি হিসেবে মুক্ত আলোচনায় অংশ নেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ককাসের সহসভাপতি পদে প্রস্তাবিত মো. সাইফুল আলম। তিনি বলেন, শহর ও গ্রামের মানুষের জীবনযাত্রায় পার্থক্য থাকলেও সুবিধাবঞ্চিত মানুষের সমস্যাগুলো প্রায় একই। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও বাসস্থান তাঁদের প্রধান সমস্যা। দুর্নীতির কারণেও অনেকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন। এসব সমস্যা সমাধানে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা অংশ নেন। বিভিন্ন দলের মোট ২৫ জন সংসদ সদস্য এই ককাসের সদস্য। ককাস হলো সংসদ সদস্যদের একটি অনানুষ্ঠানিক ও স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম। অনুষ্ঠানে পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধি, উন্নয়নকর্মী ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।