হেফাজতের আমিরকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন তারেক রহমান

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফোন করে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে ফোন করেন তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হেফাজতের আমিরকে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান।

বিএনপি মিডিয়া সেলের তথ্যমতে, শপথ অনুষ্ঠান ঘিরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী অঙ্গনের ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হচ্ছে।