একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিভিন্ন জায়গায় এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। একটি রাজনৈতিক দল এমন অপ্রত্যাশিত ঘটনা বারবার ঘটিয়ে যাচ্ছে। কাজেই আমরা চাই না, এসব ঘটনা ঘটুক।
আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেছেন তিনি। এর আগে সকালে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তারেক রহমান।
তারেক রহমান বলেন, ‘ভোট সংখ্যা যত বাড়বে, আমরা বিশ্বাস করি সকল ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা যাবে। যারা এসব ঘটনা ঘটাচ্ছে, তাঁদের প্রতি মানুষের বিরূপ ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি।’
নির্দিষ্ট করে কারও প্রতি অভিযোগ না তুলে তারেক রহমান বলেন, ‘তাঁরা বিভিন্নভাবে বিভ্রান্ত করার কিংবা অনৈতিক কাজ করার চেষ্টা করছেন। কাজেই তাঁদের প্রতি নিশ্চয়ই মানুষের বিরূপ ধারণা হবে।’
ভোট গণনায় দেরি হতে পারে—এমন আশঙ্কাও করছেন কেউ কেউ। বিষয়টি নিয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘ভোট গণনা কেন দেরি হবে? দেরি হওয়ার কোনো কারণ নেই। সমগ্র দেশের মানুষ ভোট দিয়ে এসেছে, তাঁরা ফল দ্রুতই চাইবে। আমরা আশা করব, নির্বাচন কমিশন চেষ্টা করবে, দেশের মানুষ যাতে দ্রুত ভোট প্রদানের ফল জানতে পারে।’
ভোটের ফল মেনে নেওয়ার প্রশ্নে তারেক রহমান বলেন, ‘নির্বাচন যদি নিরপেক্ষ হয়, বিতর্কহীন হয় তাহলে কেনে মেনে নেব না, অবশ্যই সব দলই মেনে নেব। তবে অবশ্যই একটা শর্ত আছে, নির্বাচন নিরপেক্ষ হতে হবে, নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে। আমরা যেরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে—এরকম বিষয় তো অবশ্যই মেনে নেওয়া যাবে না, কেউই মেনে নেব না।’