পতিত স্বৈরাচার আবার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন দেখছে: এ জেড এম জাহিদ
পতিত স্বৈরাচার আবার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ভয়েস অব টাইমস নামের একটি সংগঠন ‘ভারতের আগরতলায় বাংলাদেশের উপহাইকমিশনে উগ্রবাদী হিন্দুদের হামলা এবং ভারতীয় আগ্রাসনের’ প্রতিবাদে এই সমাবেশ করে। সমাবেশের পর বিক্ষোভ মিছিলও করে সংগঠনটি।
জাহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুধু যে ওই চিন্ময়ের জন্য, তা নয়। এই ষড়যন্ত্র বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র…এই বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া, বাংলাদেশকে কেউ কেউ বিভিন্নভাবে হুমকি দেওয়ার চেষ্টা করে…এই চিকেন নেক দখল করে নেবে।’
ভারতের উদ্দেশে জাহিদ হোসেন বলেন, ‘আরে ভাই দখলের দিন শেষ। বুঝতে হবে…এত বাহিনী থাকার পরেও পালিয়ে যেতে হয়েছে…১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত থাকার পরে দখলের স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন দিবাস্বপ্ন থেকে যাবে। ৩৬ কোটি হাত প্রতিরোধ করবে।’
দেশের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে জাহিদ হোসেন বলেন, ষড়যন্ত্র শেষ হয়নি। এই সময় দরকার ঐক্য। শুধু ঐক্যই পারে যেকোনো ষড়যন্ত্রকে ছিন্ন করতে এবং সম্প্রসারণবাদী ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করতে।
জাহিদ বলেন, ভারত যখন দেখেছে তাদের সেই আজ্ঞাবহ সরকার নেই, তখনই তাদের গাত্রদাহ শুরু হয়েছে। তারা দেখছে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য আগের মতো নিয়ন্ত্রণ করতে পারবে না, বাংলাদেশের অর্থনীতিকে আগের মতো নিয়ন্ত্রণ করতে পারবে না। বিএনপির এই নেতা অভিযোগ করেন, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিতে সবচেয়ে বেশি ষড়যন্ত্র করছে পার্শ্ববর্তী দেশ ভারত এবং পতিত স্বৈরাচার (আওয়ামী লীগ সরকার)।
ভয়েস অব টাইমসের সভাপতি ফারুকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।