বিএনপির কার্যালয়ের সামনে আজও পুলিশের অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবরোধে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চিত্র। নয়াপল্টন, ঢাকা,  ২২ নভেম্বর
ছবি : আশরাফুল আলম

বিএনপির ডাকা ষষ্ঠ দফা অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ বুধবারও রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান দেখা গেছে। কার্যালয়ের ফটকে ঝুলছে তালা।

আজ দুপুরে নয়াপল্টনে গিয়ে দেখা যায়, বিএনপির কার্যালয়ের দুই পাশে পুলিশের অবস্থান। কার্যালয়ের সামনের ফুটপাত দিয়েও চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

নয়াপল্টনে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ষষ্ঠ দিনের অবরোধের প্রথম দিনে আজ বিএনপির কোনো নেতা–কর্মীকে তাঁরা সেখানে আসতে দেখেননি।

গত ২৮ অক্টোবর হামলা-সংঘাতের মধ্যে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর থেকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান দেখা যাচ্ছে। তবে পুলিশ বিএনপির কার্যালয়ে তালা দেয়নি বলে সম্প্রতি জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, বিএনপি কার্যালয়ে তারা (বিএনপি) নিজেরা তালা দিয়ে রেখেছে।