বৈশাখী মেলাসহ নানা আয়োজনে নতুন বছরকে বরণ করবে এনসিপি

আগামীকাল মঙ্গলবার বৈশাখী মেলাসহ নানা আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘নাগরিক বর্ষবরণ ১৪৩৩’ শীর্ষক দলটির এ আয়োজনে মেলা ছাড়াও থাকছে শোভাযাত্রা, গান, নাচ, বায়োস্কোপ, সাংস্কৃতিক পরিবেশনাসহ বাঙালিয়ানার নানা অনুষঙ্গ।

এনসিপির সংস্কৃতি সেলের উদ্যোগে বর্ষবরণের এ আয়োজনের প্রস্তুতি হিসেবে আজ সোমবার রাতে ঢাকার বাংলামোটরের নেভি গলিতে আলপনা আঁকা হচ্ছে। রাতে এই আলপনা আঁকার কাজ পরিদর্শন করবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আয়োজন সম্পর্কে এনসিপির সংস্কৃতি সেলের সম্পাদক লুৎফর রহমান বলেন, আগামীকাল পয়লা বৈশাখে দুপুরের পর মূল অনুষ্ঠান শুরু হবে। বিকেল তিনটায় বর্ণিল এক শোভাযাত্রায় অংশ নেবেন এনসিপির নেতা-কর্মীরা। শোভাযাত্রাটি বাংলামোটর থেকে শুরু হয়ে শাহবাগ ঘুরে আবার বাংলামোটরে এসে শেষ হবে। একই সময়ে বাংলামোটরের নেভি গলিতে বসবে বৈশাখী মেলা।

লুৎফর রহমান আরও জানান, এ আয়োজনে গান, নাচ ও বায়োস্কোপসহ বাঙালিয়ানার নানা অনুষঙ্গ থাকবে। থাকবে মুড়ি-মুড়কি ও জিলাপির আয়োজন। মেলায় বাহারি খাবার ও মাটির তৈজসপত্রের দোকানও বসবে। সরকারি নির্দেশনা অনুযায়ী, সন্ধ্যা ছয়টার আগেই মেলার কার্যক্রম শেষ হবে।

বর্ষবরণের এ আয়োজনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি।