মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন
মনোনয়নপ্রত্যাশী তারকাদের সঙ্গে খারাপ আচরণকারীদের কড়া বার্তা দিলেন রিজভী
তারকা প্রার্থীদের সঙ্গে যাঁরা অশোভন আচরণ করবেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কোনো ধরনের অশোভন আচরণ দলে গ্রহণযোগ্য নয়।
সংসদের সংরক্ষিত নারী আসনের বিপরীতে সম্প্রতি কিছু তারকার মনোনয়ন প্রত্যাশা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও দলের ভেতরে বিতর্ক তৈরি হয়েছে। এ প্রসঙ্গে রিজভী কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, দলে সেলিব্রিটি আসা অস্বাভাবিক নয়। বিশ্বের বহু দেশে সেলিব্রিটিরা রাজনীতিতে আসেন। যুক্তরাষ্ট্রে রোনাল্ড রিগান থেকে শুরু করে ভারতেও বহু শিল্পী নির্বাচিত হয়েছেন। সবাইকে কি রাস্তায় নেমে আন্দোলন করতে হবে? একজন বিখ্যাত শিল্পী যদি দলের পক্ষে অবস্থান নেন, সেটাও বড় অবদান।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানের কার্যক্রম শেষ হচ্ছে আজ রোববার। গত শুক্রবার শুরু হওয়া এ প্রক্রিয়ায় গত দুই দিনে ১ হাজার ২৫টি ফরম বিক্রি হয়েছে (আজকের হিসাব এখনো জানানো হয়নি)। তাঁদের মধ্যে সংগীতশিল্পী বেবী নাজনীন, কনকচাঁপা, দিলরুবা খান, রিজিয়া পারভীন, দিঠি আনোয়ার ও নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
ফরম বিক্রি ও জমা দেওয়াকে কেন্দ্র করে তিন দিন ধরেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
রোববার দুপুরে নয়াপল্টন কার্যালয়ে গিয়ে দেখা যায়, মনোনয়নপ্রত্যাশীদের পাশাপাশি তাদের শত শত কর্মী-সমর্থক কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সমর্থকদের এই ভিড় ও উচ্ছ্বাস দলীয় কার্যালয়ে একধরনের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। অনেক প্রার্থীকে তাঁদের সমর্থকদের নিয়ে মিছিলসহকারে কার্যালয়ে আসতে দেখা যায়।
দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের মনোনয়নপ্রক্রিয়ায় এবার সংগঠন করার দক্ষতা, মেধা ও মননশীলতা—সব মিলিয়ে প্রার্থী নির্বাচন করা হবে।
মনোনয়ন ফরম সংগ্রহ বা জমাদানের সময়সীমা আপাতত আজই শেষ হওয়ার কথা থাকলেও দলের ঊর্ধ্বতন নেতৃত্ব চাইলে তা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন বলে জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।