সাংবাদিক গোলাম রব্বানি হত্যার বিচার চায় ছাত্র ইউনিয়ন

সাংবাদিক গোলাম রব্বানি হত্যার বিচার চায় ছাত্র ইউনিয়ন। ১৬ জুন, ঢাকা বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ‘মুক্ত সাংবাদিকতার শত্রু’ বলে আখ্যা দিয়েছে বামপন্থী ছাত্রসংগঠন ছাত্র ইউনিয়ন। জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি হত্যাকাণ্ডের বিচার দাবি করে সংগঠনটির নেতারা বলেছেন, সাংবাদিক গোলাম রব্বানিকে হত্যা করা হয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের দায়ে।

আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধনে ছাত্র ইউনিয়নের একাংশের নেতারা এসব কথা বলেন।

গত বুধবার রাত ১০টার দিকে বাড়িতে ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানি। তিনি অনলাইন পোর্টাল বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন। একই সঙ্গে তিনি একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলার সংবাদ সংগ্রাহক হিসেবে কাজ করতেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি রাগীব নাঈম। তিনি বলেন, বর্তমান সরকার একজন সাংবাদিককে সুরক্ষা দিতে পারে না। সাধারণ মানুষের জানমালের সুরক্ষাও তারা দিতে পারে না। এই সরকার সুরক্ষা দেয় তার সন্ত্রাসী বাহিনী ও তাঁবেদার গোষ্ঠীকে, যাদের ওপর ভর করে টিকে আছে।

‘বর্তমান সরকারকে মুক্ত সাংবাদিকতার শত্রু’ হিসেবে অভিহিত করেন ছাত্র ইউনিয়নের এই অংশের সাধারণ সম্পাদক রাকিবুল রনি। তিনি বলেন, একজন মন্ত্রী কিংবা এমপির গাড়ি বা মুঠোফোন চুরি হলে সেটা খুঁজে বের করতে রাষ্ট্রের দুই ঘণ্টা সময়ও লাগে না। অথচ সাংবাদিক গোলাম রব্বানি হত্যার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো খুনিদের খুঁজে করতে পারেনি পুলিশ। যে সরকার একজন সত্য উচ্চারণকারী সাংবাদিককে নিরাপত্তা দিতে পারে না, সেই সরকারের কোনো দরকার নেই।

সাংবাদিক গোলাম রব্বানি
ছবি: সংগৃহীত

ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক তামজীদ হায়দার বলেন, সাংবাদিক গোলাম রব্বানিকে হত্যা করা হয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের দায়ে। ছাত্রলীগ-যুবলীগের মতো ‘সন্ত্রাসী’ সংগঠনগুলো টিকে আছে এই সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায়। তাই এই মুহূর্তে সরকার পতনের আন্দোলনে নামার আহ্বান জানান তিনি।

মানববন্ধনে অন্যদের মধ্যে ছাত্র ইউনিয়নের একাংশের সহসভাপতি শিমুল কুম্ভকার, ঢাকা মহানগর শাখার দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক শাহরিয়ার শিহাব প্রমুখ বক্তব্য দেন। দেশে ক্রমাগত সাংবাদিক নির্যাতনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে দেশের সব মানুষকে প্রতিবাদে অংশ নিতে আহ্বান জানান তাঁরা।

আরও পড়ুন