সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র কোরআন শরিফ পোড়ানোর ঘটনার প্রতিবাদে আজ রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দল
ছবি: সংগৃহীত

সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র কোরআন শরিফ পোড়ানোর ঘটনার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামি দল ও সংগঠন। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট ও মিরপুরে এই বিক্ষোভ মিছিল হয়। এর একটি মিছিল করেছে জামায়াত। অন্যটি হয়েছে ‘সম্মিলিত ইসলামী দলসমূহের’ ব্যানারে।

জামায়াতের মিছিলটি মিরপুর ১ নম্বর গোলচত্বর এলাকা থেকে শুরু হয়ে দারুস সালাম টেকনিক্যাল এলাকায় গিয়ে শেষ হয়। জামায়াতের ঢাকা মহানগর উত্তর শাখা এর আয়োজন করে। মিছিলের আগে ১ নম্বর গোলচত্বর এলাকায় তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম।

আবদুল হালিম বলেন, সুইডেনে দুর্বৃত্তরা পবিত্র কোরআন শরিফে অগ্নিসংযোগ করে মুসলমানদের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এ ঘটনায় বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ জেগে উঠেছেন। কিন্তু দুঃখজনকভাবে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ বাংলাদেশ সরকার সুইডিশ রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়ে দায় শেষ করেছে।

জামায়াতের এই নেতা কোরআন অবমাননার ঘটনার ব্যাপারে জাতীয় সংসদে আলোচনা করে নিন্দা প্রস্তাব গ্রহণ করার দাবি জানান।

মুসলমানদের উসকানি দেওয়া হচ্ছে উল্লেখ করে আবদুল হালিম বলেন, মুসলমানেরা শান্তিপ্রিয় জাতি হলেও প্রতিনিয়ত কোরআন অবমাননা করে মুসলমানদের উত্ত্যক্ত ও উসকানি দেওয়া হচ্ছে। কিন্তু কোনো মুসলমান উসকানিতে পা দেবেন না; বরং শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমেই সব সমস্যার সমাধান করবেন।

একই ঘটনার প্রতিবাদে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে মিছিল করে ৪৬টি দল ও সংগঠনের সমন্বয়ে গঠিত ‘সম্মিলিত ইসলামী দলসমূহ’। মিছিলটি পল্টন, বিজয়নগর, কাকরাইল হয়ে কালভার্ট রোডে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে মাওলানা আবু তাহের জিহাদি সভাপতিত্ব করেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ, ইসলামি কানুন বাস্তবায়ন পরিষদের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ আশরাফী, সম্মিলিত ইসলামী দলসমূহের সমন্বয়ক খলিলুর রহমান মাদানী, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী, আহকামে শরিয়া হেফাজত কমিটির সহসভাপতি মুফতি আবুল ইউছুফ খান, খেলাফতে রব্বানির মহাসচিব মাওলানা লুৎফর রহমান, ছারছিনার পীর শাহ আবদুল্লাহ সিদ্দিকী, কওমি মুভমেন্টের মহাসচিব মাওলানা শফিকুল ইসলাম নরসিংদী প্রমুখ।