‘দিশাহীন’ রাজনীতিকে নেতৃত্ব দেবে রাষ্ট্র সংস্কার আন্দোলন

রাষ্ট্র সংস্কার আন্দোলনে নতুন যোগ দেওয়া নেতা-কর্মীদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘দিশাহীন’ রাজনীতিকে রাষ্ট্র সংস্কার আন্দোলন নেতৃত্ব দেবে বলে জানিয়েছেন দলটির নেতারা। তাঁরা বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে বর্তমান সরকারকে হটিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন ভবিষ্যতে সরকার গঠন করবে এবং ক্ষমতায় বসবে।

রাষ্ট্র সংস্কার আন্দোলনে নতুন যোগ দেওয়া নেতা-কর্মীদের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় দলের নেতারা এসব কথা বলেন। আজ শুক্রবার বিকেলে রাজধানীর রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এ আলোচনা সভা হয়। সভার শুরুতে নতুনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সভায় রাষ্ট্র সংস্কার আন্দোলনে সভাপতি হাসনাত কাইয়ূম বলেন, ‘প্রধানমন্ত্রী বলেন তাঁর নাকি কোনো বিকল্প নেই। আমরা তাঁকে বলতে চাই, আপনি জনগণের ভোটে নির্বাচিত নন। পুলিশ আপনার ব্যক্তিগত বাহিনী নয়। পুলিশ জনগণের ট্যাক্সের পয়সায় চলে। তারা জনগণের সেবায় নিয়োজিত থাকবে। অচিরেই আপনাকে ক্ষমতা থেকে হটিয়ে জনগণের সরকার ও রাষ্ট্র কায়েম করা হবে।’

রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক সমন্বয়ক ফরিদুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন দলের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, রাষ্ট্র সংস্কার যুব আন্দোলনের সমন্বয়ক মাশকুর রাতুল, রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলনের সহসভাপতি সোহেল সিকদারসহ নতুন যোগ দেওয়া ব্যক্তিরা।

বক্তারা বলেন, দেশ ‘রেজিস্টার্ড’ ডাকাতদের হাতে পড়েছে। রাষ্ট্রীয় মদদে মাফিয়ারা এ দেশের ব্যাংক, রিজার্ভ, বন-নদী লুট করছে। রাষ্ট্র সংস্কার আন্দোলনই এ দুর্যোগের শেষ করবে।

এর আগে সকালে তোপখানা রোডে দলের প্রধান কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সেখানে আগামী ২৯-৩০ নভেম্বর দলের প্রথম জাতীয় কাউন্সিল আয়োজনের সিদ্ধান্ত হয়।