প্রয়াত আবদুর রাজ্জাকের সমালোচনায় আ.লীগ নেতা মোশাররফ হোসেন
সাবেক পানিসম্পদমন্ত্রী প্রয়াত আবদুর রাজ্জাকের ভূমিকার সমালোচনা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন। তিনি বলেন, আবদুর রাজ্জাক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকার সময় দলের অনেক ক্ষতি করেছিলেন। ওই সময় অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আবদুর রাজ্জাক নিজের লোকদের মনোনয়ন দিয়েছিলেন বলে অভিযোগ করেন মোশাররফ হোসেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রবীণ রাজনীতিবিদ মোশাররফ হোসেন এই মন্তব্য করেন। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের উদ্যোগে কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আজ বৃহস্পতিবার সকালে এই সভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ভূমিকা স্মরণ করতে গিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, ১৯৭৯ সালে জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে একটি জাতীয় নির্বাচন হয়েছিল। ওই সময় আবদুর রাজ্জাক হঠাৎ বঙ্গবন্ধু হতে চেয়েছিলেন। তিনি ইচ্ছেমতো তাঁর ‘মাই ম্যানদের’ মনোনয়ন দিয়েছিলেন। তখন মহিউদ্দিন চৌধুরী ফেরারি ছিলেন, গভীর রাতে তাঁর (মোশাররফ হোসেন) বাসায় আসতেন। দলের অবস্থা ও আবদুর রাজ্জাকের কূটকৌশল নিয়ে আলাপ-আলোচনা করতেন।
গণমাধ্যমে নগর আওয়ামী লীগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সংসদ সদস্য মোশাররফ হোসেনের বক্তব্যের বিষয়টি উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মরণসভায় মোশাররফ হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুকে যাঁরা ভালোবাসতেন, তাঁরা যাতে মনোনয়ন পান, সে ব্যাপারে মহিউদ্দিন চৌধুরী উদ্যোগ নিতে বলেছিলেন। দুর্ভাগ্যের বিষয় ওই নির্বাচনে চট্টগ্রামের ২৩টি আসনের একটিতেও আওয়ামী লীগ জয় পায়নি।
এমনকি চট্টগ্রামের মিরসরাইয়ে তাঁর পরিবর্তে যে ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছিল, সে ব্যক্তিও জঘন্যভাবে ধরাশায়ী হয়েছিলেন। দুঃখ ভারাক্রান্ত চিত্তে বলতে হয়, রাজ্জাক ভাই দলের অনেক ক্ষতি করেছেন। শেখ হাসিনা নির্বাসন শেষে দেশে ফিরে দলের হাল ধরেন। ওই সময়ও আবদুর রাজ্জাক দলকে টুকরা টুকরা করেছেন এবং আলাদা দল করেছেন। তবে শেখ হাসিনা প্রতিশোধপরায়ণ ছিলেন না, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আবদুর রাজ্জাককে পানিসম্পদমন্ত্রী করেছিলেন।’
মুক্তিযুদ্ধের সংগঠক আবদুর রাজ্জাক ২০১১ সালের ২৩ ডিসেম্বর লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।
স্মরণসভায় মোশাররফ হোসেন বলেন, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী দেশ ও জনগণের স্বার্থে অনেক কাজ করেছেন। তিনি ছিলেন একজন সাহসী ও আপসহীন জননেতা। অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে সব সময় সামনে ছিলেন। কখনো পিছপা হননি। মহিউদ্দিন চৌধুরী জনগণের অধিকার আদায়ের ক্ষেত্রে সব সময় সঠিক সিদ্ধান্ত নিতেন। তিনি নিজেই ছিলেন একটি রাজনৈতিক প্রতিষ্ঠান।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহসভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী, খোরশেদ আলম সুজন, এম জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ।
এর আগে আজ সকালে চশমা হিল জামে মসজিদের পাশের কবরস্থানে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কবরে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পমাল্য দেওয়া হয়।