খালেদা জিয়ার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সিদ্ধান্ত হয়নি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন, এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। আজ বুধবার চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে আরও কিছু সময় রাখার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
নানা শারীরিক জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত শনিবার বিকেলে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা ভর্তি করার পরামর্শ দেন। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তাঁর স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করানো হয়।
গত বছরের জুন মাসে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তাঁর হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। ৭৮ বছর বয়স্ক খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, যকৃৎ, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজ রাতে প্রথম আলোকে বলেন, খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছেন। তিনি আজ বাসায় ফিরছেন না। চিকিৎসকেরা আরও হাসপাতালে রাখতে চাচ্ছেন। কবে বাসায় ফিরবেন, সেই বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার সিদ্ধান্ত হতে পারে।
গত বছরের জুন মাসে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তাঁর হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। বাকি দুটি ব্লক তখন ঝুঁকিপূর্ণ ছিল না। এ ছাড়া তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে ওই সময় বাকি দুটি ব্লকে রিং পরানো হয়নি। এখন তাঁর হৃদ্যন্ত্রের এক্স-রে ও আলট্রাসনোগ্রাম করা হয়েছে।
৭৮ বছর বয়স্ক খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, যকৃৎ, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ তাঁকে নির্বাহী আদেশে ‘সাময়িক মুক্তি’ দেয় সরকার। এর পর থেকে তাঁর দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ ছয় মাস করে বাড়ানো হচ্ছে।