ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের জন্য আলাদা আলাদা প্রার্থী ঘোষণা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং বিরোধী দলের নেতা ও দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এতে আবার প্রকাশ্যে এল দলটির দুই শীর্ষ নেতার দ্বন্দ্ব। এ নিয়ে দলের নেতা–কর্মীরা অস্বস্তিতে পড়েছেন।
রওশন এরশাদ মনোনয়ন দিয়েছেন জাপা থেকে অব্যাহতি পাওয়া দলের সাবেক প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদকে। অপর দিকে জি এম কাদের দলের পক্ষে মনোনয়ন দিয়েছেন মেজর (অব.) সিকদার আনিছুর রহমানকে।
আসন্ন জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে, দলটিতে বিভক্তি তত বেশি স্পষ্ট হয়ে হয়ে পড়ছে। গত কয়েক মাসে ৪৩টি জেলা কমিটি অনুমোদন দেন রওশন এরশাদের অনুসারীরা।
জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের আসন্ন উপনির্বাচনে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের মনোনীত লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী মো. মামুনুর রশিদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাজধানীর আগারগাঁওয়ে বুধবার নির্বাচন কমিশন কার্যালয়ে ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মুনীর হোসাইন খানের কাছে মনোনয়নপত্রটি জমা দেওয়া হয়।
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার নেতৃত্বে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জাপার প্রার্থী মো. মামুনুর রশিদের সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলনসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা।
রওশন–সমর্থিত প্রার্থীর মনোনয়নপত্রের সঙ্গে প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রের মধ্যে লাঙ্গল প্রতীক নিয়ে ২০০০ সালের মামলার রায়ের কপিও যুক্ত করা হয়েছে। এ ছাড়া ২০১৯ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত সম্মেলনে অনুমোদিত ও তৎকালীন মহাসচিবের সই করা দলীয় গঠনতন্ত্রের প্রথম মুদ্রণ কপিও তাঁরা দিয়েছেন।
অপর দিকে দলের চেয়ারম্যান জি এম কাদের ঢাকা-১৭ আসনে মনোনয়ন দিয়েছেন মেজর (অব.) সিকদার আনিছুর রহমানকে। বুধবার দলের বনানীর চেয়ারম্যান কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জি এম কাদের।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক প্রথম আলোকে বলেন, রওশন এরশাদ জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক। তিনি মনোনয়ন দিতে পারেন না। গঠনতন্ত্র অনুযায়ী গোলাম মোহাম্মদ কাদের দলের সর্বময় ক্ষমতার অধিকারী। পার্টির চেয়ারম্যান যদি দীর্ঘদিনের জন্য অসুস্থ থাকেন অথবা দেশের বাইরে থাকেন সে ক্ষেত্রে মহাসচিব চেয়ারম্যানের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন।
এ বিষয়ে পার্টির অপর প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, এর আগেও রাজশাহী ও খুলনা সিটি করপোরেশনে মেয়র পদে তাঁরা (রওশন গ্রুপ) দুজন প্রার্থীকে মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু ইসি তাঁদের মনোনয়ন প্রত্যাখ্যান করে। জাতীয় পার্টির নিবন্ধিত রাজনৈতিক দল। বিধান অনুযায়ী অন্য কেউ মনোনয়ন দেওয়ার সুযোগ নেই।