৬৫০টি স্থানে বিএনপির অবস্থান কর্মসূচি আজ
ঢাকা মহানগর উত্তর বিএনপি ২৬টি থানায় এবং দক্ষিণ বিএনপি ২৪ থানায় অবস্থান কর্মসূচি করবে। কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা।
রাজধানী ঢাকাসহ সব মহানগরীর থানা এবং উপজেলা পর্যায়ে আজ শনিবার দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি করবে বিএনপি। বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী লীগ সরকারের ‘সর্বগ্রাসী দুর্নীতির’ প্রতিবাদে এবং সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি হবে।
বিএনপি জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ ১৩টি মহানগরীর ১২৮টি থানায় এবং সব উপজেলা মিলে ৬৫০টি জায়গায় একযোগে এই অবস্থান কর্মসূচি হবে। ঢাকায় মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ৫০টি থানায় অবস্থান কর্মসূচি করবে। এই কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতা, দলের সাবেক সংসদ সদস্য ও জেলার শীর্ষ নেতারা অংশ নেবেন। থানা বিএনপিকে নিজ নিজ থানার সব অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপি ২৬টি থানায় এবং দক্ষিণ বিএনপি ২৪ থানায় অবস্থান কর্মসূচি করবে। এই ৫০টি জায়গায় অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় নেতারা। উত্তরের কর্মসূচিতে উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রামপুরা থানার অবস্থান কর্মসূচি হবে খিলগাঁও পল্লীমা সংসদের বিপরীতে। এর নেতৃত্ব দেবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বাড্ডা হাই স্কুলের সামনে থাকবেন উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। গুলশানে সুবাস্তু টাওয়ারের সামনে কেন্দ্রীয় সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহম্মেদ উজ্জ্বল, এফডিসির পশ্চিম পাশের রেলগেটের পাশে তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মসূচিতে থাকবেন যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন।
এ ছাড়া মহানগর দক্ষিণের পল্টন ও সবুজবাগ থানার অবস্থান কর্মসূচির নেতৃত্বে থাকবেন উত্তরের আহ্বায়ক আবদুস সালাম, পল্টন ও খিলগাঁও থানায় রফিকুল আলম, শ্যামপুর থানায় বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, ডেমরায় মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীন, সূত্রাপুরে সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, ওয়ারীতে ইশরাক হোসেন, বংশালে মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত থাকবেন।