প্রতিষ্ঠাবার্ষিকীতে থাকছে বিএনপির নানা কর্মসূচি
বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ১ সেপ্টেম্বর। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আছে ১ সেপ্টেম্বর সকাল ছয়টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, দুপুর ১২টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ, বেলা তিনটায় নয়াপল্টন থেকে শোভাযাত্রা, ২ সেপ্টেম্বর বিএনপির উদ্যোগে আলোচনা সভা।
আজ মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
এ ছাড়া ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির, হাবিব উন নবী খান, সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান প্রমুখ।