সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হলে কী করবেন, তা নিয়ে নিজের ১৯ দফা পরিকল্পনা ও ভাবনার কথা জানিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি তাঁর পরিকল্পনা তুলে ধরেন।
মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান বলেছেন, নির্বাচিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়ে অগ্রাধিকার ভিত্তিতে কালুরঘাট সেতু নির্মাণের জন্য স্বল্প সময়ে সর্বোচ্চ চেষ্টা চালাবেন তিনি। নোমান বলেন, ‘চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব জননেত্রী শেখ হাসিনা নিজেই নিয়েছেন। কালুরঘাট সেতু জনগণের দাবি। এ উন্নয়ন প্রকল্প নিয়ে সবাই অবগত আছেন। অল্প সময় সেবা করার সুযোগ পাব, তাতে অগ্রাধিকার ভিত্তিতে কিছু উন্নয়নকাজ করতে চাই।’
কালুরঘাট সেতু নির্মাণ ছাড়া মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত কালুরঘাট বেতার কেন্দ্রে স্মৃতিস্তম্ভ নির্মাণ, বহদ্দারহাট বাস টার্মিনাল শাহ আমানত সেতুর কাছে স্থানান্তর, মসজিদ-মন্দির বা অন্য উপাসনালয় সংস্কার, নির্বাচনী এলাকার সবচেয়ে বড় সমস্যা মাদকদ্রব্যের বিস্তার ঠেকানো ও কিশোর গ্যাং নির্মূলের কথা বলেছেন তিনি।
এ ছাড়া নদীভাঙন রোধে চলমান প্রকল্পের তদারকির পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহায়তায় নতুন নতুন প্রকল্প দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন নোমান আল মাহমুদ।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান উপস্থিত ছিলেন।