ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদে চূড়ান্ত প্রার্থী ১০৩৫ জন, প্রত্যাহার ৭৩, বাতিল ১
ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। ১৮টি হলে ১৩টি পদে মোট ১ হাজার ৩৫ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ৭৩ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আর একজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে হল সংসদ নির্বাচনে মোট ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছিল।
যে হলে যত প্রার্থী
ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ৫৯ জন, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ৩১ জন, সলিমুল্লাহ মুসলিম হলে ৬২ জন, জগন্নাথ হলে ৫৫ জন, ফজলুল হক মুসলিম হলে ৫৮ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৭৫ জন, রোকেয়া হলে ৪৫ জন, সূর্য সেন হলে ৭৫ জন, হাজী মুহম্মদ মুহসীন হলে ৬০ জন, শামসুন নাহার হলে ৩৫ জন, কবি জসীমউদ্দীন হলে ৬৮ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৭৩ জন, শেখ মুজিবুর রহমান হলে ৫৯ জন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩৬ জন, অমর একুশে হলে ৭৬ জন, কবি সুফিয়া কামাল হলে ৩৮ জন, বিজয় একাত্তর হলে ৬৮ জন এবং স্যার এ এফ রহমান হলে ৬২ জনের নাম চূড়ান্ত প্রার্থী তালিকায় রয়েছে।
প্রার্থিতা প্রত্যাহারের তালিকা
শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৬ জন, কবি সুফিয়া কামাল হলে ২ জন, ফজলুল হক মুসলিম হলে ৬ জন, অমর একুশে হলে ৫ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৫ জন, কবি জসীমউদ্দীন হলে ১ জন, হাজী মুহম্মদ মুহসীন হলে ৫ জন, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ১১ জন, স্যার এ এফ রহমান হলে ৫ জন, সূর্য সেন হলে ৪ জন, বিজয় একাত্তর হলে ৯ জন, শেখ মুজিবুর রহমান হলে ৯ জন, জগন্নাথ হলে ৪ জন এবং শামসুন নাহার হলে ১ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন হবে। গণ-অভ্যুত্থানের পর এবার অনেকটাই ভয়হীন পরিবেশে এসব নির্বাচন হতে যাচ্ছে। গতকাল মঙ্গলবার প্রচারণা শুরু হয়েছে।