সরকারের হঠকারিতায় পোশাকশিল্প তছনছ হতে বসেছে: এবি পার্টি
সরকারের হঠকারিতার কারণে দেশের তৈরি পোশাকশিল্প (গার্মেন্টস) তছনছ হতে বসেছে বলে অভিযোগ করেছে এবি পার্টি। সরকার পতনের দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে আজ বুধবার বিকেলে রাজধানীর বিজয়নগর এলাকায় পদযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি।
এবি পার্টির নেতা-কর্মীরা ‘গণতন্ত্রকে “হ্যাঁ” এবং স্বৈরতন্ত্রকে “না”’ শীর্ষক পদযাত্রা ও বিক্ষোভ পালন করে কাকরাইল, বিজয়নগর, পুরানা পল্টনসহ রাজধানীর বিভিন্ন এলাকায়। এরপর তারা বিজয়নগর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে।
সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে দেশের ‘বারোটা বাজাতেও’ দ্বিধা করছে না বলে অভিযোগ করেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান। তিনি বলেন, সরকারের হঠকারিতার কারণে গার্মেন্টসশিল্প আজ তছনছ হতে বসেছে। ‘হঠকারী’ আওয়ামী লীগের হাত থেকে জাতিকে রক্ষা করতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণবিপ্লব গড়ে তোলা ছাড়া উপায় নেই।
বিএনপি নেতাদের জেলে ঢুকিয়ে সরকার এখন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে কল্পিত প্রতিপক্ষ বানিয়ে তাঁর ভয়ে কম্পমান বলেও মন্তব্য করেন মজিবুর রহমান। তিনি বলেন, নির্বাচন কমিশন সরকারের পরামর্শে ৭ জানুয়ারি যে একতরফা প্রহসনের নির্বাচন করতে যাচ্ছে, তা হবে আওয়ামী লীগের জন্য চিরস্থায়ী গলার কাঁটা।
সমাবেশে আরও বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব ও তাজুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজমুল হক।