বিভাগীয় সমাবেশের নামে বিএনপি সহিংসতার চেষ্টা করলে এবং জানমালের নিরাপত্তা বিঘ্নিত হলে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের আওয়ামী লীগের নেতারা। এ জন্য দলের নেতা-কর্মীদের নিজস্ব অবস্থান থেকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন তাঁরা। আগামী বুধবার চট্টগ্রামে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ।
আজ সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতারা এসব কথা বলেন। বুধবার চট্টগ্রামে বিএনপির বিভাগীয় মহাসমাবেশকে কেন্দ্র করে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ বলেন, বিএনপির রাজনৈতিক কর্মসূচি নিয়ে তাঁদের কোনো প্রশ্ন নেই। তবে অতীতে এই দল আন্দোলনের নামে মানুষ হত্যা করেছে। আগুন–সন্ত্রাসের মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করেছিল। এবারও যদি রাজনৈতিক কর্মসূচির নামে অতীতের মতো অপরাজনীতি, বীভৎস আগুন–সন্ত্রাস চালানোর চেষ্টা করে, তা প্রতিহত করা হবে।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বিএনপি অতীতের মতো রাজনৈতিক কর্মসূচির নামে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। বিভিন্ন সভা-সমাবেশে উসকানিমূলক ও আপত্তিকর বক্তব্য দিয়ে যাচ্ছে। এ জন্য শঙ্কা তৈরি হয়েছে, চট্টগ্রামের বিভাগীয় সমাবেশ ঘিরেও এ ধরনের অপতৎপরতা চালাতে পারে। যদি সহিংসতামূলক কার্যক্রম করে, তাহলে তা রুখে দেওয়া হবে। এ জন্য দলের সব স্তরের নেতা-কর্মীকে সতর্ক থাকতে হবে।
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেন, বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়ার ইচ্ছে নেই। তবে জানমালের ক্ষতি করার চেষ্টা করলে তার জবাব দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান প্রমুখ।