জি এম কাদের জাপা চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে যেতে পারবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিএম কাদের
ফাইল ছবি

হাইকোর্টের যে আদেশে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনের বাধা কেটেছে, সে–সংক্রান্ত আদেশ স্থগিত হয়নি।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা লিভ টু আপিলটি (আপিলের অনুমতি চেয়ে আবেদন) আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ২৭ ফেব্রুয়ারি শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আজ বুধবার এ আদেশ দেন। ফলে চেয়ারম্যান হিসেবে জি এম কাদের দায়িত্ব চালিয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম।

জাপার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের ওপর দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞা প্রশ্নে জি এম কাদেরের করা আবেদন ও বিবিধ আপিল খারিজ করে নিম্ন আদালত আদেশ দেন। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিভিশন আবেদন করেন। এর শুনানি নিয়ে ৫ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল দিয়ে দলের চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বহাল রেখে তাঁর আবেদন খারিজ করে গত ১৬ নভেম্বর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত এবং বিবিধ আপিল খারিজ করে ১৯ জানুয়ারি ঢাকার জেলা জজের দেওয়া আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন হাইকোর্ট। ফলে জি এম কাদেরের দায়িত্ব পালন ও সাংগঠনিক কর্মকাণ্ড চালানোর ক্ষেত্রে বাধা কাটে।

এ প্রেক্ষাপটে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে জাপা থেকে বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধা ৯ ফেব্রুয়ারি আপিল বিভাগে আবেদন করেন, যা ১২ ফেব্রুয়ারি চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। তবে ইতিমধ্যে হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ প্রকাশিত হওয়ায় আদালত আবেদনকারীকে নিয়মিত লিভ টু আপিল করতে নির্দেশ দেন। এরপর জিয়াউল হক মৃধা লিভ টু আপিল করেন, যা আজ চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। আদালতে জিয়াউল হকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ ও হেলাল উদ্দিন। জি এম কাদেরের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, মো. ওয়াজি উল্লাহ ও ফরহাদ আহমেদ।

পরে আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত না করে চেম্বার আদালত জিয়াউল হকের করা লিভ টু আপিল ২৭ ফেব্রুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেছেন। ফলে হাইকোর্টের আদেশ অনুসারে জি এম কাদের চেয়ারম্যান হিসেবে তাঁর দায়িত্ব পালন করতে পারবেন।