ঢাকা–১৭ ও বগুড়া–৬ আসনে জয় পেলেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বেসরকারি ফলাফল অনুযায়ী দুটি আসনেই জয় পেয়েছেন তিনি।

ঢাকা-১৭ আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী তারেক রহমান ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানী জয়ী হয়েছেন তারেক রহমান।

শুক্রবার ভোর চারটার দিকে ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, ঢাকা-১৭ আসনে পোস্টাল ভোটসহ ১২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। সব মিলিয়ে এই আসনে তারেক রহমান ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানী জয়ী হয়েছেন।

ঢাকা-১৭ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৩ হাজার ৮১৩ জন। এর মধ্যে ভোট পড়ে ১ লাখ ৪৭ হাজার ৮৮৮টি। বাতিল হয় ২ হাজার ২১১টি। বৈধ ভোট হয় ১ লাখ ৪৫ হাজার ৬৭৭টি।

ঢাকা-১৭ আসনের অন্যান্য প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ উল্যাহ হাতপাখা প্রতীকে ১ হাজার ৭৬৮ ভোট ও জাতীয় পার্টির আতিক আহমেদ লাঙ্গল প্রতীকে ১ হাজার ১৬৮ ভোট পেয়েছেন।

এ ছাড়া বগুড়া-৬ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ১৫০টি কেন্দ্রের ফলাফলে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।