করাইল বস্তির একটি কেন্দ্র: শুরুতে ভিড়, আধঘণ্টা পরে ফাঁকা
সকাল সাড়ে ৮টা। বনানীর করাইল বস্তির জামি’আ মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসা ভোটকেন্দ্র। সরেজমিনে দেখা যায়, কেন্দ্রের বাইরে ভোট দিতে যাওয়া মানুষের দীর্ঘ সারি। কেউ দাঁড়িয়েছেন মাদ্রাসার বারান্দায়, কেউ মাঠে। দুটো সারিই চলে গেছে মাদ্রাসায় প্রবেশের ফটকের কাছাকাছি। দুটো সারিতে তখন প্রায় দেড় শতাধিক মানুষ দাঁড়িয়ে ছিলেন।
আধঘণ্টার কিছু বেশি সময় পরে সকাল ৯টা ১০ মিনিটের দিকে ওই কেন্দ্রে আবার গিয়ে দেখা যায়, মাদ্রাসার মাঠ-বারান্দা সব ফাঁকা। এক-দুজন করে ভোটার যাচ্ছেন। দাঁড়িয়ে অপেক্ষা ছাড়াই ভোট দিচ্ছেন।
আজ সোমবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটে করাইল বস্তির ওই কেন্দ্রে এমন চিত্র দেখা গেছে। মাদ্রাসাটিতে ভোটকেন্দ্র আছে ৪টি—৫৫, ৫৬, ৫৭ ও ৫৮। ৪টি কেন্দ্রে প্রায় ১২ হাজার ভোটার রয়েছেন। মাদ্রাসার নিচতলা, দোতলা ও তিনতলা ভোটকেন্দ্র।
সকাল ৯টা ২০ মিনিটের দিকে মাদ্রাসায় থাকা ৫৫ নম্বর কেন্দ্রের ১ নম্বর বুথে ১৩টি ভোট, ২ নম্বর বুথে ১০টি ভোট, ৩ নম্বর বুথে ১৭টি, ৪ নম্বর বুথে ১৬টি, ৫ নম্বর বুথে ১২টি এবং ৬ নম্বর বুথে ২২টি ভোট পড়েছে বলে জানান বুথের দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা।
২ নম্বর বুথের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জহিরুল আলম প্রথম আলোকে বলেন, ভোট দিতে কোনো সমস্যা হচ্ছে না। মানুষ কেন্দ্রে আসছেন, দ্রুত ভোট দিয়ে চলে যাচ্ছেন। তাই কেন্দ্রে মানুষের সারি দীর্ঘ হচ্ছে না।
তবে সাড়ে ৯টার দিকে সাংবাদিকদের উপস্থিতি দেখে কেন্দ্রের আশপাশে থাকা দলীয় কর্মী ও সমর্থকদের আবার মাদ্রাসার বারান্দায় এনে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়। যাঁদের গলায় আওয়ামী লীগের প্রার্থী সোহাম্মদ আলী আরাফাতের ব্যাচ দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আওয়ামী লীগের এক নেতা এই প্রতিবেদককে জানান, সাংবাদিকেরা যাতে ভোটারের উপস্থিতি দেখতে পান, এ জন্যই লোকজন এনে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। যাঁদের অনেকেই ভোটার নন।
এর মধ্যে মহাখালীর টিঅ্যান্ডটি আদর্শ উচ্চবালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়েও ভোটারের ভিড় দেখা যায়নি। মহাখালীর ওই শিক্ষাপ্রতিষ্ঠানেও চারটি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৭৫ ও ৭৬ পুরুষ কেন্দ্রে এবং ৭৭ ও ৭৮ নারী কেন্দ্র।
ওই কেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশের একজন উপপরিদর্শক বলেন, ভোট শুরুর আগে ভোটারের উপস্থিতি মোটামুটি ছিল। ভোট শুরুর পরেই সেটা কমে গেছে। এখন কেন্দ্র প্রায় ফাঁকা। হাতেগোনা দুই–একজন ভোট দিতে আসছেন।