সংরক্ষিত নারী আসনের ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

নির্বাচন কমিশন (ইসি)ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাঁদের মধ্যে রয়েছেন বিএনপির ৩৬ জন; জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১–দলীয় নির্বাচনী ঐক্যের ১২ জন এবং স্বতন্ত্র ১ জন।

এখন সংসদ সদস্য হিসেবে শপথের আয়োজন করা হবে। আইনি জটিলতা থাকায় বাকি একটি আসনের প্রার্থিতার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

এর আগে গতকাল বুধবার নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান মনোনয়নপত্র বৈধ হওয়া ৪৯  প্রার্থীর তালিকা প্রকাশ করেন। আজ সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত সদস্যদের গেজেট প্রকাশ করা হয়।

বিএনপির বিজয়ী প্রার্থীরা হলেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, মোছা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিন্জ, সূবর্ণা সিকদার, শামীম আরা বেগম, মোসাম্মৎ শাম্মী আক্তার।

এই তালিকায় আরও রয়েছেন ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, মোছা. সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, মোছা. সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের বিজয়ী প্রার্থীরা হলেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, মোসা. নাজমুন নাহার, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও মাহবুবা হাকিম।

একই সঙ্গে ছয়জন সংসদ সদস্যের সমন্বয়ে গঠিত স্বতন্ত্র জোটের প্রার্থী হিসেবে ছাত্রদলের সাবেক সহসভাপতি সুলতানা জেসমিনের নামও গেজেটে প্রকাশ করা হয়েছে।

সংরক্ষিত নারী আসনে ১১–দলীয় ঐক্যের প্রার্থী ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তবে রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের চাকরি ছাড়ার তিন বছর পার না হওয়ায় আইন অনুযায়ী তাঁর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করেন। তবে আপিল শুনানি শেষে গত সোমবার মনোনয়নপত্র বাতিলের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখে ইসি। ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার হাইকোর্টে রিট আবেদন করেছেন মনিরা শারমিন।

এদিকে নির্ধারিত সময়ের পরে জমা দেওয়ায় এনসিপির আরেক যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। পরে বিষয়টি নিয়ে তিনি আদালতে যান। আদালত নির্বাচন কমিশনকে নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আগামী ২ মে নুসরাতের মনোনয়নপত্র যাচাই–বাছাই হবে। যাচাই-বাছাই শেষে তিনি বৈধ প্রার্থী হিসেবে অন্তর্ভুক্ত হতে পারেন আবার তাঁর মনোনয়নপত্র বাতিলও হতে পারে।