শোভাযাত্রা, মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা
নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এসে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। তাঁদের কেউ কেউ আসছেন মিছিল নিয়ে, কেউবা বড় শোডাউন করে।
আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এমন চিত্র দেখা গেছে।
ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৫টি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা হলেন ঢাকা বিভাগীয় কমিশনার। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের আজ বিকেল পাঁচটার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে।
সরেজমিন দেখা যায়, বেলা পৌনে একটার দিকে কয়েক শ নেতা-কর্মী সঙ্গে নিয়ে মিছিল করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় আসেন ঢাকা-৬ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ। তাঁর সঙ্গে আসা নেতা-কর্মী ও সমর্থকেরা ‘লাঙ্গল’ প্রতীকের পক্ষে স্লোগান দিতে দিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় প্রবেশ করেন।
ব্যানার-পোস্টার নিয়ে মিছিল করতে করতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় আসেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার। ঢাকা-৮ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী এম এ ইউসুফের মনোনয়নপত্র জমা দিতে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেছিলেন।
তৃণমূল বিএনপির নেতা-কর্মীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় আসার সময় ব্যানার হাতে নিয়ে দলীয় প্রতীক ‘সোনালী আশ’-এর নাম উল্লেখ করে স্লোগান দেন।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী মনোনয়নপত্র জমা দিতে গিয়ে মিছিল, শোডাউন বা শোভাযাত্রা করা যাবে না। আচরণবিধি ভঙ্গের বিষয়ে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকারের জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
অবশ্য এর আগে দুপুর ১২টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার। তখন তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সরকার দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে গিয়ে আচরণবিধি ভঙ্গ করেছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আজ ঢাকা-১০ আসন থেকে চিত্রনায়ক ফিরদৌস আহমেদ, ঢাকা-১৪ আসন থেকে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খানসহ কয়েকজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ঢাকা-১১ আসনের আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ ওয়াকিল উদ্দিন শতাধিক নেতা-কর্মী সঙ্গে নিয়ে এসে মনোনয়নপত্র জমা দেন।
বেলা দেড়টার দিকে ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সোলায়মান সেলিম তিনটি গাড়িতে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আসেন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। গাড়িতে লাগানো ছিল ডিজিটাল ব্যানার। এর একটির ছাঁদে ও সামনে ছোট দুটি নৌকার কাঠামো ফুল দিয়ে সাজানো ছিল। আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’। ওই গাড়িতে বসেছিলেন সোলায়মান সেলিমের বাবা বর্তমান সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম।