পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাগামহীন তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহ পুলিশের হামলার প্রতিবাদে প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহ বিক্ষোভ মিছিল করে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ৮ আগস্ট
ছবি : সাজিদ হোসে

রাজধানীর শাহবাগ মোড়ে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর ডাকা বিক্ষোভ সমাবেশে পুলিশের ‘হামলার’ প্রতিবাদে আজ সোমবার বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ থেকে পুলিশের হামলার বিষয়ে সরকারের কাছে ‘জবাব’ দাবি করেছেন সংগঠনগুলোর নেতা-কর্মীরা।

গতকাল রোববার সন্ধ্যায় ‘প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ’-এর ব্যানারে বাম ছাত্রসংগঠনগুলোর ডাকা বিক্ষোভ সমাবেশের শেষ পর্যায়ে পুলিশ ব্যাপক লাঠিপেটা করে। ছাত্রসংগঠনগুলো একে ‘হামলা’ হিসেবে আখ্যা দিয়েছে। যদিও পুলিশ হামলার অভিযোগ অস্বীকার করেছে। ‘জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি ও লুটপাটের প্রতিবাদে’ গতকাল এ বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছিল।

লাগামহীন তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহ পুলিশের হামলার প্রতিবাদে প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহ বিক্ষোভ মিছিল করে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ৮ আগস্ট

ওই হামলার ঘটনার প্রতিবাদে আজ বেলা পৌনে একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে ৯টি বাম ছাত্রসংগঠনের যৌথ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের কলাভবন, ডাকসু, গ্রন্থাগার ও কেন্দ্রীয় মসজিদের সামনে দিয়ে শাহবাগ মোড়ে যায়।

মোড় ঘুরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় যায়। মিছিলে ‘পুলিশ লীগের হামলা, রুখে দাঁড়াও বাংলা’, ‘শাহবাগে হামলা কেন, শেখ হাসিনা জবাব চাই’ প্রভৃতি বলে স্লোগান দেওয়া হয়। এ কর্মসূচি চলাকালে শাহবাগে বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি ছিল। তবে পুলিশ মিছিলে বাধা দেয়নি।

বাম ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের মিছিলটি শাহবাগ মোড় ঘুরে টিএসসির রাজু ভাস্কর্যে পাদদেশে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি সাদেকুল ইসলাম সোহেল বলেন, অযৌক্তিকভাবে রাতারাতি রাতের অন্ধকারে তেলের দাম বাড়িয়েছে সরকার।

একসঙ্গে জ্বালানি তেলের দাম এত বাড়ানো নজিরবিহীন ঘটনা। শুধু তেল নয়, সব পণ্যের দামই বেড়েছে এবং বাড়ছে। সরকার জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে ভর্তুকি দিতে চাইছে না, অথচ বিদেশে লাখ লাখ কোটি টাকা পাচার হচ্ছে।

বক্তব্যে পুলিশের হামলার প্রতিবাদ জানান সাদেকুল ইসলাম। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নেমে আসার আহ্বান জানান তিনি। সাদেকুল আরও বলেন, পুলিশের হামলার প্রতিবাদে পরবর্তী কর্মসূচি আলোচনা করে জানানো হবে।