ওএমএস ডিলার নিয়োগে নতুন নীতিমালা হচ্ছে
খোলাবাজারে পণ্য বিক্রির কর্মসূচি (ওএমএস) এবং খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে। আজ বৃহস্পতিবার সংসদীয় কমিটিকে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
খাদ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়, এই নীতিমালা প্রণয়ন হলে ডিলার নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়।
বৈঠকে খাদ্য মন্ত্রণালয় এবং এর অধীন অধিদপ্তর ও সংস্থাগুলোর কার্যাবলি সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের জনবলঘাটতির বিষয়ে আলোচনা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন পদে বর্তমানে ৬ হাজার ৬৫৩টি শূন্য পদ রয়েছে। এ বিষয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের কার্যক্রম বন্ধ করে দ্রুত নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে শূন্য পদ পূরণের সুপারিশ করে কমিটি।
বৈঠকে বলা হয়, অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। মন্ত্রণালয় জানায়, এ ক্ষেত্রে কৃষিজমির পরিমাণ সংরক্ষণ এবং অকৃষি কাজে কৃষিজমির অননুমোদিত ব্যবহার রোধে কঠোর নজরদারি ও নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খাদ্যে ভেজাল নিয়েও বৈঠকে আলোচনা হয়। কমিটির সদস্য খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী বলেন, খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণে বর্তমান সরকার অত্যন্ত সচেতন। এ লক্ষ্যে খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের প্রতিটি পর্যায়ে কঠোর নজরদারি এবং বিদ্যমান আইন ও বিধিবিধানের সীমাবদ্ধতা দূর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
কমিটির সভাপতি আবদুস সালাম পিন্টু বলেন, ‘খাদ্য মানুষের মৌলিক অধিকার। জনগণের কাছে নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।’
সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবদুস সালাম পিন্টু। অন্য সদস্যদের মধ্যে বৈঠকে অংশ নেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, আবুল কালাম, আবু তালেব মন্ডল, আবদুল করিম, শামছুন্নাহার বেগম।