রাজধানীতে দুই প্রধান রাজনৈতিক দলের কর্মসূচি নিয়ে নাগরিক হিসেবে আমরা শঙ্কিত। এই দুই দলের মধ্যে সংঘাত হোক, এটা কোনোভাবেই আমরা চাই না। তাদের রাজনৈতিক অবস্থান এবং মতের ক্ষেত্রে ভিন্নতা থাকতেই পারে; কিন্তু তা এক সংঘাতময় পরিস্থিতির দিকে যাবে, এটা কোনোভাবেই কাম্য নয়। দুই রাজনৈতিক দলকে নাগরিকদের নিরাপত্তা এবং মনোভাবকে গুরুত্ব দিতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, পুলিশ যেন কোনো দলের পক্ষ না নেয়। এর আগে আমরা দেখেছি, সরকারি দল ও পুলিশ এক হয়ে সংঘাতময় অবস্থানে চলে যায়। এবার এ ধরনের ঘটনা ঘটলে তা হবে ভয়ংকর।
কয়েক সপ্তাহ ধরে দেখা গেছে, আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। কিন্তু অহেতুক সংঘাতের কথা বলা হচ্ছে সরকারি দলের পক্ষ থেকে। বিএনপি থেকে তো সরকারি দলের ওপরে হামলা বা সংঘাতের কোনো কথা বলা হয়নি। তারা শান্তিপূর্ণ কর্মসূচির কথা বলছে। তাহলে আওয়ামী লীগ নেতারা আগ বাড়িয়ে কেন হামলা হলে পাল্টা হামলার কথা বলছেন। সরকারি দলের কাছ থেকে এ ধরনের আচরণ আমরা আশা করি না। এ ধরনের পরিস্থিতি সামলানোর ব্যপারে সরকারি দলের দায়িত্ব সবচেয়ে বেশি। আমরা আশা করব, সরকারি দল অথবা পুলিশ সংঘাতে জড়াবে না বা সংঘাত সৃষ্টিতে ভূমিকা রাখবে না।
সবাই একটি শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন চায়। প্রশ্ন হচ্ছে, ওই নির্বাচন কার মাধ্যমে এবং কীভাবে হবে? বিরোধী দল বর্তমান নির্বাচন কমিশনের ওপরে ভরসা রাখতে পারছে না। বাস্তবতা ও অভিজ্ঞতা থেকে তারা এই অবস্থান নিয়েছে। ফলে নির্বাচন কমিশনকেও এ ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে। বর্তমান রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতি তৈরির পেছনে নির্বাচন নিয়ে অনাস্থা সবচেয়ে বড় কারণ।
বিদেশিরাও দেশের এই রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে একটি অবস্থান নিয়েছে। তারাও শনিবার ঢাকার রাজনৈতিক কর্মসূচির ওপর চোখ রাখবে।
মজার বিষয় হচ্ছে, বিদেশিরা যা চাইছে, সরকারি ও বিরোধী দল একই কথা বলছে। ফলে দুই রাজনৈতিক দলকে দেশের নাগরিকদের নিরাপত্তার কথাও চিন্তা করতে হবে। আর্ন্তজাতিক পরিস্থিতি এবং প্রতিক্রিয়াকে মাথায় রেখে যার যার রাজনৈতিক ভূমিকা পালন করতে হবে।