আগামীকালের সমাবেশ নিয়ে ‘ভুয়া বিজ্ঞপ্তি’ প্রচারের অভিযোগ বিএনপির
রাজধানীর নয়াপল্টনে বিএনপির আগামীকাল বুধবারের সমাবেশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ‘ভুয়া বিজ্ঞপ্তি’ প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি। আজ মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় ঢাকাবাসীসহ সর্বস্তরের মানুষকে অপপ্রচার সম্পর্কে সচেতন থাকার অনুরোধ জানান রুহুল কবির। তিনি বলেন, রাতে তাঁর এবং দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহরের ভুয়া স্বাক্ষর দিয়ে একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। তাতে বলা হয়, ‘আগামীকাল ১২ জুলাই বুধবারের পরিবর্তে ২২ জুলাই শনিবার নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো যার যার অবস্থানে থেকে সমাবেশ করবে।’
এই বিজ্ঞপ্তিকে ভুয়া ও বিভ্রান্তিকর উল্লেখ করে রিজভী বলেন, এটি জনমনে সংশয় সৃষ্টি করার অপচেষ্টা মাত্র। সুপরিকল্পিতভাবে সমাবেশকে নিয়ে সরকারের বিভিন্ন সংস্থা এই অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, বিএনপি ও সমমনা দলগুলোর কর্মসূচিতে ভীত হয়ে সরকারের পক্ষ থেকে এই অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপির আগামীকালের শান্তিপূর্ণ সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এই সমাবেশে জনতার ঢল নামবে। সমাবেশে বিপুল জনসমাগম যাতে না হয়, সে জন্য পর্দার আড়াল থেকে কাণ্ডজ্ঞানহীন কার্যক্রম চালানো হচ্ছে।
প্রচারের মাইকে হামলা, বাস–ট্রাকমালিকদের হুমকির অভিযোগ
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির অভিযোগ করেন, সমাবেশের প্রচার চালানোর সময় ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রচারের মাইকে সন্ত্রাসীরা হামলা চালান। হামলায় ধানমন্ডি থানা বিএনপির প্রচার সম্পাদক মো. ফারুক গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া ধানমন্ডি থানার ১৫ নম্বর ওয়ার্ডে প্রচারের সময় থানা বিএনপির নেতা হানিফ হাওলাদার, কামরাঙ্গীরচর মোড়ে ৫৫ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মো. রফিক, গুলিস্তানে শাহবাগ থানার সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার হোসেন ক্ষমতাসীন দলীয় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। এ সময় প্রচারের মাইক ও রিকশা ভাঙচুর করে সরওয়ার হোসেনের মুঠোফোন ছিনিয়ে নিয়েছেন সন্ত্রাসীরা।
বুধবারের সমাবেশ উপলক্ষে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা বাস-ট্রাকের মালিকদের নানাভাবে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেছের রুহুল কবীর। তিনি বলেন, এ জন্য অনেকে ভয়ে ভাড়ার অগ্রিম টাকা ফেরত দিচ্ছেন।