নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বাম জোট
বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাঁরা বলেছেন, জনগণের ভোটাধিকার হরণের জন্য বর্তমান শাসকদের বিচারের মুখোমুখি করা হবে। সরকার অতীতের মতো প্রহসনের একটি নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে টেনে আনার সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। বুধবার বিকেলে রাজধানীর ডেমরায় এক সমাবেশে বাম জোটের নেতারা এসব কথা বলেন।
বাজার নিয়ন্ত্রণের দাবি জানিয়ে সমাবেশে নেতারা বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি এতটাই নাজুক যে জরুরি ভোগ্যপণ্য আমদানির অনুমতি আটকে থাকছে। ফলে দ্রব্যমূল্যের পরিস্থিতি ভয়ংকর। নিম্ন ও মধ্য আয়ের মানুষ দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছে।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে দাবি করে তাঁরা বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। যেকোনো মূল্যে চলমান দুঃশাসনের অবসান ঘটাতে হবে।
বাম গণতান্ত্রিক জোটের ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি ডেমরা থানা শাখার সম্পাদক পাটকলশ্রমিক নেতা মো. গোফরান। সমাবেশে বক্তব্য দেন সিপিবির ঢাকা দক্ষিণ কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য সাইফুল ইসলাম সমীর, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী, বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য সীমা দত্ত, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল ইসলাম, সিপিবির কেন্দ্রীয় কমিটির সংগঠক জাহিদ হোসেন খান, সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির নেতা মঞ্জুর মঈন, সিপিবি ডেমরা শাখার নেতা হোসেন বেগ, বাসদ ডেমরা থানা কমিটির সমন্বয়ক জাকির হোসেন প্রমুখ।