পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ১৭
রাজধানীর মিরপুর-১২ নম্বরে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে মিরপুর-১২ নম্বরে মেট্রোরেলের ১৪০ নম্বর পিলারের পূর্ব পাশে ওই মিছিলে ধাওয়া দিয়ে ১৭ জনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সদস্য বলে পুলিশ জানিয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে একটি ব্যানার, একটি মাইক্রোবাস ও দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক প্রথম আলোকে বলেন, মিছিল থেকে ১৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যরা পালিয়ে গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা হওয়ার প্রক্রিয়া চলছে।