ঢাকার সব ভবনের কাঠামোগত নিরাপত্তা পরীক্ষার দাবি সিপিবির

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)ছবি: সংগৃহীত

ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে রাজধানী ঢাকার সব ভবনের কাঠামোগত নিরাপত্তা পরীক্ষা করে ঝুঁকিপূর্ণ ভবনগুলোয় প্রয়োজনীয় কাঠামোগত শক্তি বৃদ্ধি (রেট্রোফিটিং) করার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটি। একই সঙ্গে যেসব ভবনে কাঠামোগত শক্তি বৃদ্ধি সম্ভব নয়, সেগুলোর ক্ষেত্রে আইন অনুযায়ী বিকল্প ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আজ শনিবার এক বিবৃতিতে সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সভাপতি সাইফুল ইসলাম সমীর ও সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন এ আহ্বান জানান।

বিবৃতিতে নেতারা বলেন, সম্প্রতি দেশে একাধিক ভূমিকম্প অনুভূত হলেও রাজধানী ঢাকাসহ সারা দেশের মানুষের উদ্বেগ ও আতঙ্কের মধ্যে সরকার কোনো আশু উদ্যোগ নিচ্ছে না। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ মহানগর ঢাকায় লক্ষাধিক বহুতল ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, বিপণিবিতান, কারখানা ও আবাসিক ভবন গড়ে উঠলেও দীর্ঘদিন ধরে নির্মাণ বিধিমালা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে না। নির্মাণ খাতে ঘুষ–দুর্নীতি, অপরিকল্পিত নগরায়ণ, দুর্বল তদারকি, বিল্ডিং কোড লঙ্ঘন ও অননুমোদিত নির্মাণ রাজধানীকে বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকিতে ফেলেছে।

বিবৃতিতে বলা হয়, ভূমিকম্প প্রতিরোধ করা সম্ভব না হলেও প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকাংশে নির্ভর করে রাষ্ট্রের প্রস্তুতি, নিরাপদ নগর–পরিকল্পনা ও ভবনের কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করার ওপর। কিন্তু বিদ্যমান সংকট সমাধানের পরিবর্তে সরকারগুলো নতুন উন্নয়ন প্রকল্পেই বেশি গুরুত্ব দিচ্ছে।

সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ জেলার নেতারা বলেন, বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন যে ঢাকার অধিকাংশ ভবনের পূর্ণাঙ্গ কাঠামোগত নিরাপত্তা মূল্যায়ন হয়নি। সম্প্রতি ৩০০টি ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত হলেও সেটি সামগ্রিক অবস্থার খুবই আংশিক চিত্র।

বিবৃতিতে রাজধানীর প্রতিটি ভবনের পর্যায়ক্রমিক কাঠামোগত নিরাপত্তা পরীক্ষা, ঝুঁকিপূর্ণ ভবনগুলোয় প্রয়োজনীয় কাঠামোগত শক্তি বৃদ্ধি (রেট্রোফিটিং) করে সেগুলোকে ভূমিকম্প সহনশীল করে তোলা এবং যেসব ভবনে তা সম্ভব নয়, সেগুলোর ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা প্রকাশ, সংস্কারের জন্য সময়সীমা নির্ধারণ এবং সরকারি হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, বিদ্যুৎ, গ্যাস, পানি ও যোগাযোগ অবকাঠামোর জরুরি নিরাপত্তা মূল্যায়ন দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ জেলার নেতারা।

এ ছাড়া বিবৃতিতে বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড কঠোরভাবে বাস্তবায়ন, বিধিমালা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, রাজউকসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর দুর্নীতি বন্ধ, পুরান ঢাকাসহ ঘনবসতিপূর্ণ এলাকায় বিশেষ ভূমিকম্প ঝুঁকি প্রশমন কর্মসূচি গ্রহণ, প্রতিটি ওয়ার্ডে উন্মুক্ত আশ্রয়স্থল, উদ্ধার সরঞ্জাম, স্বেচ্ছাসেবক দল ও নিয়মিত ভূমিকম্প মহড়া নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে নাগরিকদের জন্য সহজ শর্তে ও স্বল্প সুদে ভবনের কাঠামোগত শক্তি বৃদ্ধির সহায়তা তহবিল গঠনেরও আহ্বান জানানো হয়।

বিবৃতিতে সিপিবির ঢাকা মহানগর দক্ষিণ জেলার নেতারা সরকারের কাছে এ দাবি বাস্তবায়নের পাশাপাশি নগরবাসীকে নিজেদের নিরাপত্তায় সংগঠিত হওয়ার আহ্বান জানান। প্রতিটি মহল্লা ও এলাকায় জনসাধারণের উদ্যোগে ‘সমস্যা সমাধান গলি কমিটি’ গড়ে তুলে ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতার কার্যক্রম চালু করারও কথা বলেন তাঁরা।