সরকারের অগ্রাধিকারে স্থান পায়নি খেটে খাওয়া মানুষ: সিপিবি সভাপতি
খেটে খাওয়া মানুষের জীবন ও জীবিকার বিষয়ে সরকার কোনো ধরনের দায়দায়িত্ব বোধ করছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন। তিনি বলেছেন, ‘বিগত ছয় মাসের শাসন দেখে এটা স্পষ্ট যে সরকারের অগ্রাধিকারে খেটে খাওয়া মানুষের কোনো স্থান হয়নি।’
আজ শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে শ্রমিক স্বার্থ রক্ষা দিবস উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় শ্রমিক সমাবেশে সভাপতির বক্তব্যে সিপিবি সভাপতি এ কথা বলেন। এর আগে পল্টন মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি জাতীয় প্রেসক্লাব, কদম ফোয়ারা ঘুরে জিরো পয়েন্ট ও গুলিস্তান এলাকা প্রদক্ষিণ করে আবার পুরানা পল্টনে গিয়ে শেষ হয়।
সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, অনিশ্চিত কর্মসংস্থান, কম মজুরি, শ্রমিক ছাঁটাই, কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা এবং সামাজিক সুরক্ষার অভাবে শ্রমজীবী মানুষের জীবন ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে। এ সময় তিনি অবিলম্বে জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ ও তা সর্বত্র বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং পদ্ধতিতে কর্মরত চার লাখের বেশি শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার জোর দাবি জানান তিনি।
সমাবেশে নেতারা পোশাকশ্রমিকদের জন্য মজুরি কমিশন গঠন করে অবিলম্বে নতুন মজুরিকাঠামো নির্ধারণ ও ন্যূনতম মজুরি বাড়ানোর দাবি জানান। পাশাপাশি চা-শ্রমিকদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে দৈনিক ৫০০ টাকা মজুরি নির্ধারণ, খেতমজুর, গৃহশ্রমিক, চাতালশ্রমিকসহ মজুরিভিত্তিক সব শ্রমজীবীর ন্যায্য মজুরি নিশ্চিত, শ্রমিকদের জন্য রেশনিং ও নিরাপদ আবাসনের ব্যবস্থা এবং ‘জীবিকা সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি জানানো হয়।
এ ছাড়া সমাবেশে ব্যাটারিচালিত যানবাহনের জন্য বিআরটিএ কর্তৃক লাইসেন্স ও সুষ্ঠু যান্ত্রিক নীতিমালা প্রণয়ন, বন্ধ পাটকলগুলো আবার চালু করে শ্রমিকদের পুনর্বাসন এবং পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবি করা হয়। নেতারা সব ধরনের শ্রমিক ছাঁটাই, বঞ্চনা ও বৈষম্য বন্ধ করে শ্রম আইন ও শ্রমিকের সাংবিধানিক অধিকার পুরোপুরি কার্যকর করার আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার ও এস এ রশীদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি মাহাবুবুল আলম, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ প্রমুখ।