ট্রেন-বাসে আগুনে জড়িতদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: সিপিবি
গণপরিবহনে আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একই সঙ্গে এসব ঘটনার সঙ্গে জড়িত ও মদদদাতা ব্যক্তিদের বিচার দাবি করেছে দলটি।
আজ মঙ্গলবার ভোরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকাগামী আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনে চারজনের মৃত্যুসহ এর আগে গণপরিবহনে অগ্নিসংযোগ নিয়ে এই বিবৃতি দিয়েছে সিপিবি।
দলটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) বলেন, সভা-সমাবেশ ও আন্দোলনের অধিকার সবার আছে। কিন্তু জ্বালাও-পোড়াও, মানুষ হত্যার অধিকার কারও নেই।
এর আগে গাজীপুরের জয়দেবপুরসহ দেশের বিভিন্ন স্থানে রেললাইন কেটে যাত্রীবাহী ট্রেনে নাশকতা, গণপরিহনে অগ্নিসংযোগ করে মানুষ হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।
বিবৃতিতে সিপিবি নেতারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার কথা। কিন্তু তারা তা দিতে ব্যর্থ হচ্ছে। চলমান রাজনৈতিক সংকট সমাধানে সরকারের দায়িত্বশীল আচরণ ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সন্ত্রাস ও নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে দেশবাসীকে।
নাশকতার ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় পুনর্বাসন এবং আহত ব্যক্তিদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি তুলেছেন সিপিবি নেতারা। একই সঙ্গে ‘সরকারের স্বৈরতান্ত্রিক কর্মকাণ্ডের’ বিরুদ্ধে রুখে দাঁড়াতে সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।