তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা দেশের জন্য অভিশাপ: বাংলাদেশ ইসলামী ফ্রন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলিস্তানের আল বশির মিলনায়তন চত্বরে আজ শনিবার বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সমাবেশে বক্তব্য দিচ্ছেন দলটির চেয়ারম্যান এম এ মতিন
ছবি: সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে দেশের জন্য অভিশাপ বলেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। দলটি বলছে, নির্বাচনকালীন সময়ে এ ধরনের সরকারব্যবস্থা কোনো সময়ে দেশের জন্য মঙ্গলজনক নয়। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সংবিধান সংশোধন করে কার্যকর স্বাধীন নির্বাচন কমিশন গঠন করার কথা বলেছে দলটি।

এ সময়ে স্থানীয় সরকার, জনপ্রশাসন, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও অর্থ—এই পাঁচ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সাংবিধানিক পন্থায় নির্বাচন কমিশনের অধীনে এনে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টির ব্যবস্থার কথাও বলেছে দলটি। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় দেওয়া ১০ দফা প্রস্তাবনায় এসব বলেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।

কার্যকর স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা, অবহেলিত সুফিবাদী জনতার অধিকার আদায়, জাতীয় শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষা সংকোচনের প্রতিবাদসহ পাঁচ দফা দাবিতে আজ শনিবার রাজধানীর গুলিস্তান চত্বরে ‘মহাসমাবেশ’ করেছে দলটি। সমাবেশ থেকে ১০ দফা প্রস্তাবনা তুলে ধরেন দলের মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঘোষিত ১০ দফা প্রস্তাবনায় আরও রয়েছে—জনগণের টাকা আত্মসাৎকারী, ঋণখেলাপি ও দুর্নীতিবাজ ব্যক্তিদের পাচারকৃত টাকা অবিলম্বে ফিরিয়ে আনতে ব্যবস্থা গ্রহণ, তাঁদের পাসপোর্ট জব্দ করাসহ নাগরিকত্ব বাতিল করতে হবে।

এসব দুষ্কৃতকারী যাতে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে না পারেন, সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ এ ধরনের কেউ প্রার্থী হলে তার প্রার্থিতা বাতিল করতে হবে। বিপরীতে দেশের অর্থনীতির ভিত মজবুত করতে ভূমিকা রাখা প্রবাসীদের জন্য প্রণোদনা ন্যূনতম ৩ শতাংশ করার দাবি জানায় দলটি।

স উ ম আবদুস সামাদ বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে নাকাল দেশের সাধারণ জনগণ। সিন্ডিকেট ব্যবসায়ীদের দমনপূর্বক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার ব্যবস্থা করতে হবে। দুর্নীতিবাজ-জঙ্গিবাদ-সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় বিদ্যমান আইন বাস্তবায়নে কঠোর হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। এ ছাড়া অবিলম্বে তিস্তা চুক্তি সম্পাদনে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ মানব পাচার, চোরাচালান ও সীমান্তে হত্যা বন্ধের পদক্ষেপ নিতে হবে; প্রাথমিক পর্যায় থেকে শিক্ষার সর্বোচ্চ স্তর পর্যন্ত ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে ইত্যাদি।

এদিকে মহাসমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন বলেন, ‘আমাদের দেশে নির্বাচন ঘনিয়ে এলে এক অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়। ক্ষমতায় থাকার জন্য ও ক্ষমতায় যাওয়ার জন্য এ অসুস্থ প্রতিযোগিতার বলি হয় সাধারণ জনগণ। এভাবে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ভূলুণ্ঠিত হচ্ছে বারবার। এ অবস্থা আর চলতে পারে না। আমরা চাই দেশে সুস্থ ধারার রাজনীতির বিকাশ হোক, জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত হোক। এ জন্য চাই স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন। নির্বাচন কমিশনকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। নতুন আইন পাস করে নির্বাচন কমিশনকে শক্তিশালী ও কার্যকর স্বাধীন করতে হবে।

মহাসমাবেশে আরও বক্তব্য দেন আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশের চেয়ারম্যান কাজী মঈনুদ্দীন আশরাফী, কো-চেয়ারম্যান সোলাইমান আনসারী, মহাসচিব পীরে তরিকত সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা, সাংগঠনিক সচিব ইছমাঈল নোমানী প্রমুখ। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে বক্তব্য দেন সিরাজুল ইসলাম চৌধুরী, শাহাব উদ্দীন চৌধুরী, আহমদ হোসাইন আলকাদেরী প্রমুখ।