ব্যাশেলেতের বক্তব্য নিয়ে মন্ত্রীরা মিথ্যাচার করছেন: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ফাইল ছবি

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেতের বক্তব্য নিয়ে মন্ত্রীরা মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

মির্জা ফখরুল বলেছেন, মিশেল ব্যাশেলেত সরকারের মন্ত্রী, নাগরিক সমাজ ও সাংবাদিকদের কাছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি সংবাদ সম্মেলন করেও গুমের ঘটনায় একটি সুষ্ঠু ও স্বাধীন তদন্ত কমিশনের কথা বলেছেন। কিন্তু এ নিয়ে মন্ত্রীরা মিথ্যাচার করছেন। বাধ্য হয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিটির মুখপাত্র বিবৃতি দিয়ে বলেছেন, বিষয়টি নিয়ে বাংলাদেশের মন্ত্রীরা গণমাধ্যমে যা বলেছেন, তা সত্য নয়।

জাতীয় প্রেসক্লাবে বুধবার বিকেলে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি এ সভার আয়োজন করে।

দেশে গুমের ঘটনাগুলোর আবার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব। তিনি বলেছেন, ‘গুমের ঘটনা অস্বীকার করে লাভ হবে না। তদন্ত করে ব্যবস্থা নিন। গণমাধ্যমে এসেছে, আয়নাঘর নামে এক ঘর আছে। সেই ঘরে লোকজনকে তুলে নেওয়া হয়। গতকালও একজন ফিরে এসেছেন। কিন্তু ভয়ে মুখ খুলছেন না।’

আলোচনা সভায় ২০-দলীয় জোট প্রসঙ্গেও কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘এই গণতন্ত্রের সংগ্রামে, ফ্যাসিবাদকে সরিয়ে দেওয়ার সংগ্রামে আমরা সবাইকে সহযোদ্ধা হিসেবে পেতে চাই। আমরা অতীতে সংগ্রাম করেছি, জেলে গেছি, গুম হয়েছি, কিন্তু সে পথ থেকে কখনো সরে আসিনি।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘আমাদের সঙ্গে যাঁরা যুদ্ধ করবেন, গণতন্ত্রের লড়াইয়ে যাঁরা থাকবেন, তাঁরা কখনো পথ থেকে সরে যাবেন না, সে বিশ্বাস আমাদের আছে।’ তবে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর টানাপোড়েন নিয়ে বক্তব্যে স্পষ্ট কিছু বলেননি তিনি।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।