স্থানীয় সরকার নির্বাচনে ভোটার স্থানান্তর করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত

নির্বাচন কমিশন (ইসি)

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। এ ছাড়া ৩১ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে যাঁরা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাঁরাই আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন। আগামী ২৫ নভেম্বর হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

আজ শনিবার নির্বাচন কমিশনের (ইসি) এ–সংক্রান্ত দুটি নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। এ নির্দেশনা অনুযায়ী ইসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ইতিমধ্যে আগামী ২৭ জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে ইসি। নির্বাচনের নির্দিষ্ট সময় আগে ভোটার তালিকা চূড়ান্ত করা হয়। স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের ক্ষেত্রে ভোটার এলাকা গুরুত্বপূর্ণ। কারণ, কোনো ব্যক্তি কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে প্রার্থী হতে হলে তাঁকে ওই এলাকার ভোটার হতে হয়।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকা আইন অনুযায়ী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদের জন্য যোগ্যতা অর্জনের তারিখ ৩১ অক্টোবর ২০২৬ নির্ধারণ করেছে ইসি। এ পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ৩১ অক্টোবর বা তার আগে জন্ম এমন ব্যক্তিদের মধ্যে যাঁরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সময়ে ইসির ডেটাবেজে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাঁদের ভোটার তালিকাভুক্ত করা হবে।

ইসির নির্দেশনায় কর্মকর্তাদের আগামী ৪ নভেম্বর খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত করে মাঠপর্যায়ে লিংক পাঠানোর কাজ শেষ করতে বলা হয়েছে। পরদিন ৫ নভেম্বর হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকায় নাম অন্তর্ভুক্তি, তথ্যের ভুলত্রুটি বা অন্য কোনো বিষয়ে দাবি–আপত্তি ও সংশোধনের আবেদন করা যাবে ২০ নভেম্বর পর্যন্ত। এসব আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ২৩ নভেম্বর। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৫ নভেম্বর।

নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর জনসাধারণের পরিদর্শনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে ভোটার তালিকার ভুলত্রুটি সংশোধনের জন্য আবেদন করতে জনগণকে আহ্বান জানাতে হবে। এ উদ্দেশ্যে মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে নামাজ বা প্রার্থনার আগে কিংবা পরে ঘোষণা দিতে হবে। পাশাপাশি স্থানীয় সাংবাদিক ও কেব্‌ল অপারেটরের মাধ্যমে জনস্বার্থে এ বিষয়ে প্রচারের ব্যবস্থা নিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, মুদ্রিত খসড়া ভোটার তালিকায় পুরুষ ভোটারের তালিকায় নারী ভোটার অন্তর্ভুক্তি, নারী ভোটারের তালিকায় পুরুষ ভোটার অন্তর্ভুক্তি এবং ধর্মসংক্রান্ত ভুলত্রুটিসহ অন্য কোনো অসংগতি থাকলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আরেকটি নির্দেশনায় ইসি বলেছে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ অক্টোবর। এ সময়ের মধ্যে পাওয়া আবেদন ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এ-সংক্রান্ত সময়সূচি নির্ধারণ করে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং রেজিস্ট্রেশন কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।