আইএমএফের ঋণের ফাঁদে পা দিয়েছে সরকার: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবে ‘স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ববাংলা কর্মসূচিতে কৃষি প্রশ্ন ও বাংলাদেশের বর্তমান বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন
ছবি: প্রথম আলো

বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের ফাঁদে পা দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, সরকার বড় বড় বাজেট দিয়েছে। কিন্তু তা চালাতে পারছে না। এখন আইএমএফের সব শর্ত মেনে তাদের কাছ থেকে ঋণ নিতে হচ্ছে। এর মাধ্যমে সংস্থাটি সরকারের নাকের ডগায় বসেছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ববাংলা কর্মসূচিতে কৃষি প্রশ্ন ও বাংলাদেশের বর্তমান বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন জাতীয় কৃষক সমিতির সভাপতি মাহমুদুল হাসান, প্রধান আলোচক ছিলেন উন্নয়নকর্মী শামসুল হুদা। বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান।

রাশেদ খান মেনন বলেন, ‘ঢাকাসহ সারা দেশেই বহুতল ভবন দেখছি। সন্দেহ নেই দেশে অবকাঠামোর উন্নয়ন অবিশ্বাস্য। রাস্তাঘাট, বিদ্যুৎ, মেট্রোরেল, টানেল সবকিছু হচ্ছে। কিন্তু দেশের কৃষকদের আমরা এনালগ রেখে দিয়েছি। সবার উন্নতি হচ্ছে। কিন্তু কৃষকেরা আগের অবস্থায় রয়ে গেছে। যখনই তাদের নিয়ে আলোচনা হয়, তখনই আপত্তি ওঠে।’

রাশেদ খান মেনন আরও বলেন, ‘আইএমএফ থেকে আমরা যে ঋণ নিচ্ছি, তার পরিমাণ বেশি নয়। কিন্তু তাদের শর্ত বেশ কঠিন। শর্ত পূরণ করতে না পারলে হয় ঋণ স্থগিত হয়ে যাবে, না হয় প্রত্যাহার করে নেবে। তারা শর্ত হিসেবে বিদ্যুৎ ও গ্যাসের দাম সমন্বয়ের কথা বলেছে। সমন্বয় শব্দটি শালীন শব্দ। এর মানে তারা আমাদের গ্যাস-বিদ্যুতের দাম বাড়াতে বলেছে। সরকার তা-ই করেছে।’

মেনন বলেন, ‘সরকার বলেছে গ্যাস-বিদ্যুতের দাম বাড়লেও সারের দাম বাড়বে না। গ্যাস দিয়ে যদি ইউরিয়া সার উৎপাদন করি, তখন কি সারের দাম বাড়বে না?’

ইতিমধ্যে সার পাওয়া যাচ্ছে না। বীজ পাওয়া যাচ্ছে না। কোথাও পাওয়া গেলেও উচ্চ মূল্যে কিনতে হচ্ছে। এই যে কঠিন সত্যটি সামনে এসেছে এটিকে সবাই বুঝতে হবে।

মেনন আরও বলেন, ‘কৃষকের মূল্য কী, তা আমরা করোনার সময়ে দেখেছি। সবাইকে কৃষকের ওপর নির্ভরশীল হতে হয়েছে।’

রাশেদ খান মেনন বলেন, ‘যখনই গণতান্ত্রিক কথা বলি, ফায়দা হয় না। যখনই শিক্ষা, কৃষক নিয়ে কথা বলি, তখনই ধর্মবিরোধী বলা হয়।’ তরুণেরা যদি এগিয়ে না আসে, দেশ আফগানিস্তান হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। বলেন, আফগানিস্তানের নারীরা এখন স্কুলে যেতে পারে না। অথচ সৌদি আরবের নারীরা খেলাধুলা করছে। গাড়ি চালাচ্ছে। অসাম্প্রদায়িক দেশ গড়তে তরুণদের এগিয়ে আসার বিকল্প নেই।

হেফাজতে ইসলামের দেওয়া এক বিবৃতি নিয়ে রাশেদ খান মেনন বলেন, ‘আমার বাবার দাঁড়ি ছিল, তিনি টুপিও পরতেন। আমি দাঁড়ি না রাখলেও মাঝে মধ্যে টুপি পরি। আমি কখনো দাঁড়ি টুপি নিয়ে কথা বলিনি। কিন্তু পত্রিকায় দেখলাম হেফাজতে ইসলাম আমাকে নিয়ে বিবৃতি দিয়েছে। তারা বলেছে আমি নাকি দাঁড়ি টুপির বিরুদ্ধে কথা বলেছি। আমি নিজে খোঁজ নিয়ে দেখলাম এমন কিছু বলেছি কি না। কিন্তু বলিনি।’ তিনি বলেন, ‘হেফাজত ইসলাম যখন আমার বিরুদ্ধে কথা বলে, এর মানে জান্নাতের পথে আমার এক পা অগ্রসর হয়ে গেছে।’

ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান বলেন, কৃষিঋণ কৃষকের কাছে যায় না। বড় লোক পায়। শহরের মধ্যবিত্তের কাছে যায়। আগে রাস্তার দুই ধারে সবুজের সমারোহ দেখা যেত। এখন সেখানে দালান দেখা যায়। তিনি বলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে ঠিকই, তবে ধানের বৈচিত্র্য শেষ হয়ে গেছে। এখন হাইব্রিড ধান পাচ্ছি। বৈচিত্র্যময় চিংড়িও হারিয়ে যাচ্ছে। এদিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।