রাজনৈতিক সমঝোতার আগে তফসিল ঘোষণা নয়, ইসিকে বাংলাদেশ জাসদ
বর্তমানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নেই বলে মনে করছে বাংলাদেশ জাসদ। এ অবস্থায় দলটি দেশে একটি রাজনৈতিক সমঝোতা হওয়ার আগে নির্বাচন তফসিল ঘোষণা না করার জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছে।
গতকাল শনিবার রাতে বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল এক সভায় ইসির প্রতি এ আহ্বান জানানোর সিদ্ধান্ত হয়েছে। আজ দলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ জাসদ বলছে, স্থায়ী কমিটি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে, বাংলাদেশ জাসদসহ অধিকাংশ রাজনৈতিক দলের বারবার আহ্বান উপেক্ষা করে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত না করেই ইসি জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে যাচ্ছে। ক্ষমতাসীন সরকারের অহমিকা, ক্ষমতালিপ্সা ও একগুঁয়েমির কারণে আজ রাজনৈতিক অচলাবস্থা ও দেশব্যাপী জনজীবনের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
ফলে গায়ের জোরে নির্বাচনী প্রহসন এবং ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচনের পুনরাবৃত্তির আশঙ্কা সৃষ্টি করেছে। গণতন্ত্রের প্রাণশক্তিকে গলা টিপে ধরে দেশের আর্থসামাজিক অবস্থার গুরুতর অবনতি ও জাতীয় সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
বাংলাদেশ জাসদ আরও বলছে, বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষকে গ্রেপ্তার করে, মামলা দিয়ে রাজনৈতিক সংকট সমাধানে আলাপ–আলোচনার পথটিও সরকার বন্ধ করে দিচ্ছে। জাসদের স্থায়ী কমিটি অবিলম্বে বিরোধী রাজনীতিকদের গণগ্রেপ্তারের নিন্দা জানায় এবং তাঁদের মুক্তি দাবি করছে।
সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরুর আহ্বান জানিয়ে বাংলাদেশ জাসদ বলছে, দমন, গ্রেপ্তার, মামলা ও হামলার পথ পরিহার করে আলোচনার মাধ্যমে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। আর ইসিকে রাজনৈতিক সমঝোতার জন্য ইতিবাচক ভূমিকা রাখতে হবে। সেটা না হওয়া পর্যন্ত জোর করে নির্বাচনের তারিখ ঘোষণা করে দেশের বিদ্যমান রাজনৈতিক সংকটকে আরও গভীর করে না তোলার জন্য ইসির প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
স্থায়ী কমিটির সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। সভায় আরও অংশ নেন দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, কার্যকরী সভাপতি জনাব ইন্দু নন্দন দত্ত, স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন, হেমায়েতুল্লাহ, শহীদুল ইসলাম, এ টি এম মহব্বত আলী, রফিকুল ইসলাম, নূরুল আলম, করিম সিকদার, মঞ্জুর আহমেদ, আনোয়ারুল ইসলাম, নাসিরুল হক নওয়াব প্রমুখ।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা, দলের ভূমিকাসহ নানা বিষয়ে আলোচনা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।