সরকারি দলের খেলার অংশ হিসেবে হামলা শুরু: গণতন্ত্র মঞ্চ
বিএনপির কার্যালয়ে অভিযান, হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে সাত দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ। তারা বলেছে, সরকার খেলার অংশ হিসেবে তাণ্ডব চালাচ্ছে। তাদের বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মঞ্চের নেতারা এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, গতকাল বুধবার নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় বিএনপির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সেখানে অবস্থান নেওয়ার জন্য গণতন্ত্র মঞ্চের নেতারা গিয়েছিলেন। কিন্তু নাইটিঙ্গেল মোড়ে পুলিশ তাঁদের আটকে দেয়। গণতন্ত্র মঞ্চ বিএনপির সঙ্গে আছে এবং বর্তমান আন্দোলনকে বিজয়ের দিকে নিতে হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, সরকার নৃশংসতার সব সীমা অতিক্রম করেছে। বিরোধীর ওপর সশস্ত্র হামলা চালাচ্ছে। ভয়াবহ ভীতিকর ও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে। সরকারের এই অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদ জানায় গণতন্ত্র মঞ্চ। তারা বলে, প্রতিটি আঘাত ও হত্যার বিচার হবে। সরকারের বিরুদ্ধে সর্বত্র ব্যাপক প্রতিরোধ গড়ে তোলার এখনই সময়।
মঞ্চের নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘খেলা হবে’ বক্তব্যের আগ্রাসী রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। কোনো উসকানি ছাড়া পুলিশ হামলা চালায়। সরকারি দলের খেলার অংশ হিসেবে হামলা–নির্যাতন শুরু হয়েছে। এটা পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাস। সরকার ভয় পেয়ে তিন দিন আগেই তাণ্ডব শুরু করেছে। বিএনপি অফিসে গিয়ে এ ধরনের হামলা আওয়ামী লীগের জন্য কলঙ্কজনক হয়ে থাকবে।
এ সম্পর্কিত আরও পড়ুন:
যে হাত মারতে আসবে, সে হাত ভেঙে দিতে হবে: শেখ হাসিনা
নয়াপল্টন ‘ক্রাইম জোন’ চিহ্নিত, সাংবাদিকদেরও যেতে দিচ্ছে না পুলিশ
‘জামায়াতমুক্ত’ করার রাজনৈতিক প্রকল্প যে পরিণতি পেল
‘ক্ষমতায় টিকে থাকতে সব সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করছে সরকার’
বিএনপি যেন ঢাকায় কোনোভাবেই সমাবেশ না করতে পারে সরকার তার সর্বোচ্চ চেষ্টা করছে উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির প্রশ্ন, পুলিশ কি ঠিক করে দেবে রাজনীতি কীভাবে হবে? তিনি বলেন, আওয়ামী লীগ নিকৃষ্টতম স্বৈরাচারী সরকারের খাতায় নাম লিখিয়েছে। পুলিশের সঙ্গে প্রাইভেট বাহিনীও নামানো হয়েছে। কিশোর সন্তানকেও আটক করে নিয়ে যাওয়া হয়েছে।
বিএনপির সঙ্গে দ্রুতই যুগপৎ আন্দোলনের নামার আশা ব্যক্ত করে জোনায়েদ সাকি বলেন, সংবিধান ও শাসনব্যবস্থা সংস্কারসহ কিছু বিষয়ে আলোচনা চলছে।
গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক বলেন, সরকার এখন যা শুরু করেছে, তাতে তাদের পতনের জন্য রাজপথে নামতে হবে। বিএনপির মতো দলকে কোণঠাসা করার জন্য যা করেছে, পাকিস্তানি বাহিনীও এমন তাণ্ডব চালায়নি। সরকার পরিস্থিতি উসকে দিচ্ছে। এখনকার সংগ্রাম শুধু বিএনপির একার নয়, সব বিরোধী রাজনৈতিক দলগুলোরও।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম।