ফখরুলসহ বিএনপির নেতা–কর্মীদের মুক্তির দাবিতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ জেলার মানচিত্র

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের গ্রেপ্তার নেতা–কর্মীদের মুক্তির দাবিতে এবং নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ‘পুলিশি হামলা ও গুলি করে একজনকে হত্যা’র প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নওগাঁ শহরের কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক ওরফে সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হক ওরফে ধলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, শেখ রেজাউল ইসলাম, মামুনুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ঢাকার বিভাগীয় গণসমাবেশ বানচালের জন্য সরকার ও সরকারের পুলিশ বাহিনী পরিকল্পিতভাবে নয়াপল্টনে হামলা চালিয়েছে। গুলি করে বিএনপির এক কর্মীকে হত্যা করেছে পুলিশ। শতাধিক নেতা–কর্মী আহত করা হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামসহ শত শত নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জাতীয়বাদী শক্তিকে দমন করার জন্য পুলিশি নির্যাতন ও জুলুম অব্যাহত রয়েছে। জুলুম, নির্যাতন বন্ধ না হলে জনগণকে সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী শক্তি অচিরেই এই অবৈধ সরকারকে উৎখাত করবে।

জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বলেন, গ্রেপ্তার ও হামলা করে আন্দোলনকে দমানো যাবে না। শত বাধা দিয়েও সরকার ঢাকার গণসমাবেশ বানচাল করতে পারেনি। এই সরকারের বিদায়ঘণ্টা বেজে গেছে। মানুষ রাস্তায় নেমেছে। বিজয় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না।
আবু বক্কর সিদ্দিক আরও বলেন, ‘অবিলম্বে মির্জা ফখরুলসহ নেতা–কর্মীদের মুক্তি দিতে হবে। না হলে সরকারের পতনে যে কর্মসূচি ঘোষণা করা হবে, আমরা বুকের তাজা রক্ত দিয়ে হলেও তা বাস্তবায়ন করব।’

সমাবেশ ঘিরে আজ বেলা ১১টা থেকে নওগাঁ পৌরসভার বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতা–কর্মীরা দলীয় কার্যালয়ে এসে জড়ো হন। দুপুর ১২টার দিকে কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে সেখান থেকে মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে মিছিল না করেই কর্মসূচি শেষ করেন বিএনপির নেতা–কর্মীরা।