অনেকগুলো কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি: সাইফুল হক

ঢাকা–১২ আসনে বিএনপি সমর্থিত কোদাল প্রতীকের প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক (ডান থেকে দ্বিতীয়) রাজধানী উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেনছবি: প্রথম আলো

অনেকগুলো কেন্দ্রে নিজের নির্বাচনী এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ঢাকা–১২ আসনে বিএনপি সমর্থিত কোদাল প্রতীকের প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কের এক পাশে অবস্থিত রাজধানী উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।

এই আসনে বেশ কয়েকজন প্রার্থী থাকলেও ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বহিষ্কৃত বিএনপি নেতা সাইফুল আলম নীরব, কোদাল প্রতীকের সাইফুল হক এবং দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী সাইফুল আলম খান মিলনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

ভোট দেওয়ার পর সকাল নয়টার দিকে সাইফুল হক বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি। এ জন্য গণ-আন্দোলন করতে হয়েছে। এ জন্য দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন।’

নিজ কেন্দ্রে ভোট গ্রহণে ‘ধীরগতির’ বিষয়েও অসন্তোষ প্রকাশ করেছেন সাইফুল হক। এ প্রার্থী বলেন, তিনি যে বুথে ভোট দিয়েছেন, সেটিতে তাঁর ভোটটি সকাল থেকে পড়া ৩০তম ভোট ছিল। সময়ের হিসাবে ১ ঘণ্টা ২০ মিনিটে ৩০টি ভোট পড়েছে। ভোট গ্রহণের এ হারকে ধীরগতির বলে উল্লেখ করেন তিনি।

সাইফুল হক বলেন, ‘সাধারণভাবে দেখেছি ভোট নিয়ে একধরনের উৎসবের আমেজ আছে। কিন্তু অনেকগুলো জায়গা থেকে বেশ কিছু অভিযোগ আসছে। কোথাও কোথাও কেন্দ্রের বাইরে গতকাল থেকে মহড়া চলছে। আমার এজেন্টদের অনেকগুলো কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। আমি দেখতে চাই ভোটটি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ হবে।’

সাইফুল হক আরও বলেন, মানুষের মধ্যে উচ্ছ্বাস আছে, কিন্তু চাপা একটা উদ্বেগ-উৎকণ্ঠা আছে।