দু–একটা ঘটনাকে একত্রিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলা যৌক্তিক নয় : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
দু-একটা ‘সিম্বলিক’ (বিচ্ছিন্ন) ঘটনাকে একত্রিত করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলা যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জাতীয় সংসদে তিনি বলেছেন, দেশের অভ্যন্তরে হোক বা সীমান্তে হোক, বাইরে হোক বা সম্মিলিত হোক, কোনো ষড়যন্ত্র, কোনো নীলনকশা এখানে বাস্তবায়ন হবে না।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে বিরোধী দলের সমালোচনার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এর আগে গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও আগুনের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁরা দুজনেই এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দাবি করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে সংসদে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছুদিন যাবৎ দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিস্ট শক্তির পক্ষ থেকে চক্রান্ত হচ্ছে। এটা দৃশ্যমান। দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হওয়ার চেষ্টা করছে, এর পেছনে ইন্ধন আছে সীমান্তের ওপার থেকে।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধর্মঘটের দিকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রেগুলার আইনশৃঙ্খলা ব্যাহত করার জন্য কিছু কিছু তথাকথিত কর্মসূচি সীমান্তের ওপার থেকে তারা ঘোষণা করে থাকে। আজকেও সে রকম একটা দিবস ছিল। তারা এটাকে নাকি ধর্মঘট নাম দিয়েছে। এগুলো সব সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যে দেখা যায়, কিন্তু রাস্তার মধ্যে নাই।’
বিরোধীদলীয় নেতার উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সারা দেশে সাতটি ককটেল বিস্ফোরণ হয়েছে, তার মধ্যে চারজনকে হাতেনাতে ধরা হয়েছে। গতকাল সিএমএম কোর্টের ওখানে তিনজনের মধ্যে দুজনকে ধরে থানায় হস্তান্তর করা হয়েছে, একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
এ বিষয়ে আগামীকাল বিবৃতি দেবেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে বিজনেস ফ্যাকাল্টির ওখানে একটা গাড়ির ছাদের ওপরে একটা ককটেল বিস্ফোরণ হলে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে যায় না, মাননীয় স্পিকার। অন্য কোথাও রাতের অন্ধকারে অথবা ভোররাতে কোথাও কোনো পরিত্যক্ত বাস অথবা যেখানে গাড়িচালক এবং হেলপার থাকেন না, ও রকম আনঅ্যাটেন্ডেড ভেহিকেলে রাতের অন্ধকারে একটা-দুইটা গাড়িতে আগুন দিলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুতরাং এই দুই-একটা সিম্বলিক ঘটনাকে একত্রিত করে যদি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলা হয়, এইটা আমার মনে হয় যৌক্তিক না।’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্যশীলভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানতম রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে অস্থিরতা ও অরাজকতা সৃষ্টির জন্য একটা নীলনকশা প্রণয়ন করা হয়েছে দেশের বাইরে থেকে। দেশের ভিতরে অনেক বিনিয়োগ করা হয়েছে। সরকার অত্যন্ত সফলতার সঙ্গে এই প্রচেষ্টাকে ভন্ডুল করে দিয়েছে।
এই দেশে শিল্পবান্ধব সব পরিবেশ নিশ্চিত করা হবে বলে সংশ্লিষ্ট সবাইকে আশ্বস্ত করেন সালাহউদ্দিন। তিনি বলেন, কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করলে কঠোর হস্তে তা দমন করা হবে। এই দেশে বিনিয়োগের পরিবেশ শতভাগ বিরাজ থাকবে ইনশা আল্লাহ।