বিএনপি ইউপি চেয়ারম্যানদের কেন ঢাকায় আনল, ব্যাখ্যা দিলেন মির্জা ফখরুল
সারা দেশের ইউনিয়ন পরিষদের (ইউপি) দল-সমর্থক সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের কেন ঢাকায় আনা হচ্ছে, তার ব্যাখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জোর করে ক্ষমতা দখল করে রাখা এই অনির্বাচিত সরকারকে যদি সরানো না যায়, তাহলে বাংলাদেশের মানুষের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে।
আজ বৃহস্পতিবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন।
দলীয় সূত্র জানায়, ২০০১ সাল থেকে এ পর্যন্ত বিএনপি সমর্থক যাঁরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছেন, তাঁদের সঙ্গে ১০টি মতবিনিময় সভা হবে। এই কর্মসূচিতে আড়াই থেকে তিন হাজার জনপ্রতিনিধি অংশ নেবেন। আজ প্রথম দিনে বিকেল সাড়ে তিনটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত রংপুর বিভাগের আড়াই শত জনপ্রতিনিধি অংশ নেন। টানা পাঁচ ঘণ্টা ধরে চলা রুদ্ধদ্বার এই সভায় ২৮ জন জনপ্রতিনিধি বক্তব্য দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে সভায় যুক্ত হয়েছিলেন।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম। তিনি জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘এই অনির্বাচিত সরকার, জোর করে ক্ষমতা দখল করে আমাদের স্বপ্নগুলোকে ভেঙে দিচ্ছে, তাদের যদি আমরা ক্ষমতা থেকে সরাতে না পারি তাহলে বাংলাদেশের মানুষের যে অস্তিত্ব, সেই অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে।’
এই মতবিনিময় সভায় প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, ‘আপনারা জানেন যে আন্দোলন শুরু হয়েছে, তা এখন ইউনিয়ন পর্যায় পর্যন্ত গেছে। সেই আন্দোলনে আমরা কীভাবে অংশগ্রহণ করছি, মানুষ আরও কীভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে, কীভাবে জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দানবীয় সরকারকে সরাতে পারি, দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করতে পারি, সেই লক্ষ্যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের এখানে আহ্বান করেছেন।’
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘যেহেতু আপনারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছিলেন অথবা এখনো নির্বাচিত আছেন। সে জন্য আপনাদের একটা দায়িত্ব রয়েছে এই জনগণকে আরও বেশি করে সম্পৃক্ত করার। সেই দায়িত্বটা আপনাদের পালন করার আহ্বান আমি জানাচ্ছি।’
দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দী করে রাখার অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, বিএনপির ৩৫ লাখ নেতা–কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে। এই চলমান আন্দোলনে প্রায় ১৭ জন নেতা-কর্মী রাজপথে প্রাণ হারিয়েছেন। প্রতিদিন এই অত্যাচার-নির্যাতনের সীমা ছাড়িয়েছে।
সরকারবিরোধী আন্দোলনে সবাইকে আরও বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এটা আমাদের পবিত্র দায়িত্ব—দেশকে রক্ষা করার জন্য, আমাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। এই আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ দানবীয় সরকারের পরাজয় ঘটিয়ে জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করব।’
সরকার হটানোর ১০ দফা দাবির প্রসঙ্গ তুলে বিএনপির মহাসচিব বলেন, ১০ দফা দাবি মধ্যে আছে এই সরকারকে পদত্যাগ করতে হবে; সংসদ বিলুপ্ত করতে হবে, নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে, যেটা আগে ছিল সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে—এ বিষয়গুলো জরুরি। সে জন্য ২৭ দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচিও দেওয়া হয়েছে। এই বিষয়গুলো জনগণের কাছে ছড়িয়ে দিতে হবে, জনগণকে আরও সম্পৃক্ত করতে হবে।
মতবিনিময় সভায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক উপস্থিত ছিলেন।
বিএনপির সূত্র জানায়, পরবর্তী মতবিনিময় সভা হবে ২৭ ফেব্রুয়ারি খুলনা বিভাগের। এর পর ২৮ ফেব্রুয়ারি সিলেট ও খুলনা বিভাগ, ১ মার্চ বরিশাল বিভাগ, ২ মার্চ ঢাকা বিভাগ, ৫ মার্চ ফরিদপুর ও কুমিল্লা বিভাগ, ১৩ মার্চ চট্টগ্রাম বিভাগ, ১৪ মার্চ চট্টগ্রাম, ১৫ মার্চ রাজশাহী ও ১৬ মার্চ ময়মনসিংহ বিভাগ। প্রতিটি সভা শুরু হবে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বেলা তিনটায়।