আইন ও জনগণের চাওয়া মেনে সংসদীয় আসনের সীমানা পরিবর্তন: ইসি আলমগীর
আইন ও জনগণের চাওয়া মেনেই জাতীয় সংসদের ১০টি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেছেন, এ ক্ষেত্রে কে কী বলেছেন, সেটা নির্বাচন কমিশনের (ইসি) কাছে মুখ্য ছিল না। মুখ্য ছিল প্রশাসনিক সুবিধা, ভৌগোলিক অখণ্ডতা এবং ভোটার ও স্থানীয় লোকজনের চাওয়া।
আজ রোববার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. আলমগীর এসব কথা বলেন।
এর আগে গতকাল শনিবার জাতীয় সংসদের ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে জাতীয় সংসদের ১০টি আসনের সীমানায় পরিবর্তন এসেছে।
মো. আলমগীর বলেন, আইনে আছে ভৌগোলিক অখণ্ডতা এবং প্রশাসনিক সুবিধা আগে দেখতে হবে। এরপর যতটা সম্ভব জনসংখ্যার বিষয়টি আমলে নিতে হবে। জনসংখ্যাকে আগেও প্রাধান্য দেওয়া সম্ভব হয়নি, এখনো হয়নি। জনসংখ্যা আমলে নিতে গেলে অনেক জেলায় আসন আরও কমবে। কোনো জেলায় একটি আসন হয়ে যাবে। প্রশাসনিক অখণ্ডতা ও ভৌগোলিক সুবিধা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের বক্তব্য বিবেচনায় যে আবেদনগুলো যৌক্তিক মনে হয়েছে, ইসি সেগুলো আমলে নিয়েছে।
কাউকে সুবিধা বা অসুবিধায় ফেলতে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, এমন প্রশ্নে আলমগীর বলেন, ‘প্রশ্নই আসে না। আমরা তো জানিই না কে নির্বাচনে প্রার্থী হবেন। সেটা জানার তো সুযোগ নেই। আইনে যেভাবে বলেছে, সেভাবে করেছি। এর বাইরে কাউকে দেখার বা তাকানোর সুযোগ নেই।’
আলমগীর বলেন, সম্ভাব্য প্রার্থীর চেয়ে ভোটারদের বক্তব্য ইসির কাছে গুরুত্বপূর্ণ। ভোটারদের সবাইকে ডাকা যায় না। স্থানীয় জনপ্রতিনিধি, বিশেষ করে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউপি সদস্য, কাউন্সিলর এবং উপজেলার যাঁরা চেয়ারম্যান ছিলেন, তাঁরা যে বক্তব্য দিয়েছেন, সেগুলো এবং বর্তমানে সংসদ সদস্যদের বক্তব্য ইসি শুনেছে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো স্থানীয় সংসদ সদস্য এক রকম, আবার স্থানীয় জনপ্রতিনিধিরা অন্য রকম বলেছেন।
সাংবাদিকদের মো. আলমগীর বলেন, ইসির লক্ষ্য ছিল সংসদীয় আসনের সীমানা যত কম সম্ভব পরিবর্তন করা। কিন্তু আইনে বলা আছে, খসড়া প্রকাশ করতে হবে এবং আপত্তি থাকলে তা গ্রহণ করতে হবে। এ জন্য ইসি খসড়া প্রকাশ করে। এই খসড়া পরিবর্তন করার জন্য ৩৮টি আসনের সীমানায় পরিবর্তনের জন্য ১২৬টি আবেদন পড়ে। কমিশন এরপর শুনানি দিয়েছে। সবার শুনানি, যত কথা ছিল, যত নথিপত্র, মানচিত্র জমা দিয়েছে; দীর্ঘ সময় ধরে ইসি সেগুলো পর্যালোচনা করেছে।
আরেক প্রশ্নের জবাবে আলমগীর বলেন, এ বিষয়ে কারও কাছে আর্থিক লেনদেনের প্রমাণ থাকলে তাঁকে আদালত বা দুর্নীতি দমন কমিশনে (দুদক) যেতে হবে। ইসির কাছেও আসতে পারেন। ইসি বিষয়টি দেখবে।