হামলার প্রতিবাদে আগামীকাল বিক্ষোভ করবে ১১ দলীয় নির্বাচনী ঐক্য

১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বিক্ষোভ কর্মসূচির কথা জানান। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে প্রেস ব্রিফিংয়েছবি: প্রথম আলো

নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে কর্মী ও সমর্থকদের ওপর হামলা এবং দেশজুড়ে সহিংসতার ঘটনা ঘটছে বলে জানিয়েছে ১১ দলীয় নির্বাচনী ঐক্য। প্রতিবাদে আগামীকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের পর এক প্রেস ব্রিফিংয়ে এই কর্মসূচির কথা জানান ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘নির্বাচন–পরবর্তী এই সহিংসতা বন্ধ করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা এটার প্রতিবাদ করতে চাই।’ সহিংসতা না থামলে তাঁরা রাজপথে আরও কর্মসূচি দেবেন বলেও হুঁশিয়ারি দেন।

দেশজুড়ে ৩২টি আসনে ফলাফল গণনায় কারচুপি হয়েছে বলেও অভিযোগ করেন হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, ‘আমাদের জোটের ৩২ প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে। প্রার্থীরা এমন বক্তব্য দিয়েছেন। কিছু কেন্দ্রে অস্বাভাবিক ভোট কাস্টিং দেখানো হয়েছে। কোথাও কোথাও ভোট গণনায় সুষ্ঠু পরিবেশ ছিল না। অনেক জায়গায় ফলাফল শিটে কাটছাঁট, পেনসিলে লেখা, কোথাও ভুয়া পোলিং এজেন্টের স্বাক্ষর এবং কোথাও এজেন্টের স্বাক্ষর ছাড়াই ফল প্রকাশ করা হয়েছে।’

৩২ আসনে ফলাফল কারচুপির অভিযোগ তুলেছে ১১ দলীয় ঐক্য। এগুলোর ফলাফল পুনরায় গণনা নিয়ে আইনের দারস্থ হবেন বলেও জানান হামিদুর রহমান আযাদ।

ভোট গ্রহণের সময় তুলনামূলক সুষ্ঠু পরিবেশ থাকলেও অনেক জায়গায় ভয়ের পরিবেশ ছিল বলে অভিযোগ করেন হামিদুর রহমান আযাদ। ব্রিফিংয়ে তিনি বলেন, এখানে জাল ভোট হয়েছে প্রচুর, কালো টাকার ছড়াছড়ি হয়েছে। কোথাও কোথাও হুমকি, সন্ত্রাস, মারামারি অথবা হামলার ঘটনা ঘটেছে।

ব্রিফিংয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।